সিলেটের গোলাপগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৯০ হাজার টাকা। শনিবার (২৯ আগস্ট) গোলাপগঞ্জ পৌরসভার চৌমুহনী পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্র জানায়, মাদকদ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে গোলাপগঞ্জ মডেল থানার এসআই (নিঃ) উসমান গণি সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়।
আটক দুজন হলেন, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার বাসিন্দা শৈলেন্দ্র কুমার দাশের ছেলে সুমন কান্তি দাশ (৩০) ও তিনি নবীগঞ্জ থানার পুটারমাটি গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে আব্দুল বাছিত (৩০)।
পুলিশের দাবি, দুই যুবককে আটকের পর তাঁদের হেফাজত থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা মাদকদ্রব্যের জব্দ তালিকা তৈরি করে আইনানুগ প্রক্রিয়ায় সেগুলো জব্দ করা হয়।
অভিযান শেষে আটক দুজনকে গোলাপগঞ্জ মডেল থানার হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে। আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আজকের সিলেট/ জেকেএস
গোলাপগঞ্জ প্রতিনিধি 








