হবিগঞ্জের বানিয়াচংয়ে শিশু-কিশোরদের ফুটবল খেলা নিয়ে সৃষ্ট বিরোধের জেরে ছয় মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রোববার (৩০ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে নারী ও শিশুসহ উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার তোপখানা ও চানপাড়া মহল্লার যৌথ ফুটবল মাঠে প্রতিদিন স্থানীয় শিশু-কিশোরেরা খেলাধুলা করে। রোববার বিকেলে ওই মাঠে কে আগে এবং কে পরে খেলবে, তা নিয়ে দুই মহল্লার শিশু-কিশোরদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে।
শিশু-কিশোরদের ওই বিরোধকে কেন্দ্র করে সন্ধ্যার পর থেকেই তোপখানা ও চানপাড়া মহল্লার বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে রাত ৯টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন তোপখানা মহল্লার পক্ষ নিয়ে আশপাশের আরও পাঁচটি মহল্লার লোকজন সংঘর্ষে যোগ দেন। এরপর ছয় মহল্লার বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
রাতের অন্ধকারে টর্চ জ্বালিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে অংশ নেন। এতে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন আহত হন। সংঘর্ষের কারণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের খবর পেয়ে বানিয়াচং থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রায় দেড় ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে শিশু-কিশোরদের মধ্যে তৈরি হওয়া বিরোধ থেকেই সংঘর্ষের সূত্রপাত। পরে বিষয়টি বড় আকার ধারণ করে। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
আজকের সিলেট/ জেকেএস
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি 








