মৌলভীবাজারে জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ সংরক্ষণ ও বিকাশের গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে জাতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও নৈতিক মূল্যবোধের বিকাশে তরুণ প্রজন্মকে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়েছে।
সেমিনারে সভাপতিত্ব ও উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের অধ্যাপক ড. শাহ মো আতিকুল হক। পরে প্রবন্ধের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন স্থানীয় সরকারের উপপরিচালক রুবেল মাহমুদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক তানভির আহমদ।
এতে বক্তারা বলেন, একটি জাতির স্বাতন্ত্র্য ও নিজস্ব পরিচয় টিকিয়ে রাখতে সংস্কৃতি ও ঐতিহ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশীয় সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এবং নৈতিক মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
সেমিনারে জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ, তরুণদের দেশীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং সামাজিক অবক্ষয় প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে সালিক রুমাইয়াসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্ততাগণ, শিক্ষাবিদ, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনার শেষদিকে জাতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।
আজকের সিলেট/ জেকেএস
মৌলভীবাজার প্রতিনিধি 








