সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাঁদের মধ্যে একজনের বিরুদ্ধে অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় দালালদের কাছে পৌঁছে দেওয়ার অভিযোগ রয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বাঁশতলা বিওপির আওতাধীন আরমান ছড়া সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন দোয়ারাবাজার উপজেলার মো. আমির (২২), যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকার মো. আবুল হোসেন (৪২) এবং শার্শা উপজেলার বেনাপোল এলাকার ফাতেমা (১৮)।
বিজিবি জানায়, আটক আবুল হোসেন ও ফাতেমার দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় বাসিন্দা আমির অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় দালালদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করতেন। ঘটনার দিনও তাঁদের অবৈধভাবে সীমান্ত পার করে ভারতে নেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ রয়েছে।
বিজিবির ভাষ্য অনুযায়ী, আটক আবুল হোসেন ও ফাতেমার ভারতে আত্মীয়স্বজন রয়েছেন। অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার সময় তাঁদের আটক করা হয়।
এ সময় স্থানীয় আরও দুই ব্যক্তি অনিক মিয়া (২৪) ও আলাউদ্দিন (৫৪) পালিয়ে যান বলে জানিয়েছে বিজিবি।
আটক আমির, আবুল হোসেন ও ফাতেমাকে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে দোয়ারাবাজার থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
আজকের সিলেট/ জেকেএস
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি 








