সিলেট বিভাগে আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৪৭ জনের। এ সময় ৩৫টি দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২২ জন। এর আগে চলতি বছরের মে মাসে বিভাগে সর্বোচ্চ ৫১ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন।
নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত মাসিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, আগস্টে সিলেট জেলায় দুর্ঘটনা ও প্রাণহানি—দুই দিক থেকেই পরিস্থিতি ছিল সবচেয়ে ভয়াবহ। এ জেলায় ১৭টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ৬৯ জন আহত হয়েছেন।
এর মধ্যে সিলেট-ঢাকা মহাসড়কের সিলেট অংশে ১০টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৪ জন। শুধু সিলেটের ওসমানীনগর উপজেলায় তিনটি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৫ জন।
অন্যদিকে হবিগঞ্জে নয়টি দুর্ঘটনায় ১২ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। সুনামগঞ্জে পাঁচটি দুর্ঘটনায় চারজন নিহত এবং ২২ জন আহত হন। মৌলভীবাজারে চারটি দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন আহত হয়েছেন।
নিহতদের পরিচয় ও দুর্ঘটনার ধরন বিশ্লেষণ করে নিসচার প্রতিবেদনে বলা হয়েছে, ১০টি দুর্ঘটনায় ১১ জন মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। সাতটি দুর্ঘটনায় প্রাণ গেছে নয়জন সিএনজি ও টমটম চালক ও আরোহীর। ১২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১২ জন চালক। এ ছাড়া সাতটি দুর্ঘটনায় সাতজন পথচারী প্রাণ হারিয়েছেন।
দুর্ঘটনার ধরন অনুযায়ী, ১২টি মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নিহত হয়েছেন ২৭ জন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যাওয়ার সাতটি ঘটনায় প্রাণ গেছে পাঁচজনের। আর গাছ ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কার একটি ঘটনায় একজন নিহত হয়েছেন। আগস্টে নিহত ৪৭ জনের মধ্যে ৩৮ জন পুরুষ, ছয়জন নারী ও তিনজন শিশু রয়েছেন।
সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিয়ম না মেনে বেপরোয়া ওভারটেকিং, অনুমোদনহীন ও ফিটনেসবিহীন যানবাহনের মহাসড়কে চলাচল, মোটরসাইকেল চালক ও আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা, পথচারীদের সচেতনতার অভাব এবং সড়ক নির্মাণের ত্রুটিকে চিহ্নিত করেছে নিসচা।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার সভাপতি জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন সংবাদমাধ্যম, দুটি জাতীয় দৈনিক এবং নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে আগস্ট মাসের এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
জুলাই মাসের তুলনায় আগস্টে সড়ক পরিস্থিতির অবনতি হয়েছে। জুলাইয়ে বিভাগে ২৮টি দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছিলেন। এক মাসের ব্যবধানে আগস্টে দুর্ঘটনা বেড়েছে সাতটি, প্রাণহানি বেড়েছে ১৬ জন এবং আহতের সংখ্যা বেড়েছে ৪৭ জন।
আজকের সিলেট/ জেকেএস









