সিলেটের পূর্বজাফলং-তামাবিল সীমান্তের সকল পয়েন্ট বলতে গেলে একদম ওপেন হয়ে গেছে। রমজান ও ঈদকে ঘিরে খরস্রোতের মত ধেয়ে আসছে হরেক প্রকার ভারতীয় চোরাই পণ্য। আর এসব পণ্য দেদারছে পাচার হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন নগর ও বন্দরে।
তবে মাঝেমধ্যে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ তাদে নিজ এলাকা দিয়ে নিয়ে যাওয়া কিছু পণ্য জব্দ করতে সক্ষম হলেও অজ্ঞাত কারণে সম্পূর্ণ নিষ্ক্রিয় সিলেট জেলা পুলিশ।
সূত্রমতে সিলেট-তামাবিল সড়ক দিয়ে মহানগর পুলিশের আওতাধীন এলাকা দিয়ে নিয়ে যাওয়া দুএকটি চোরাচালান আটক করছে মহানগর গোয়েন্দা পুলিশ। তবে মহানগর এলাকা এড়িয়ে সিলেট জেলার অন্যান্য সড়ক দিয়ে নিরাপদে নিয়ে যাওয়া হচ্ছে দৈনিক শত শত ট্রাক বোঝাই ভারতীয় পণ্য,যা ধরাছোঁয়ার বাইরে।
গত দুদিনে জাফলং-তামাবিল সীমান্ত পার করে আনা ভারতীয় চোরাই পণ্যের পরপর দুটি চালান জব্দ করে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। যার মূল্য দুকোটি টাকারও বেশি।
রোববার সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করে।
রোববার ভোর রাতে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থনার মুরাদপুর পয়েন্টে (সিলেট-তামাবিল বাইপাস) সড়ক থেকে মহানগর গোয়েন্দা পুলিশ একটি কাভার্ড ভ্যান বোঝাই ভারতীয় পণ্যসহ একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ওশান কবির মিলন (২৫) যাশোর জেলার বাঘারপাড়া থানার খলিলপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, রোববার ভোররাত তিনটার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহ.) থনার মুরাদপুর এলাকার সিলেট-তামাবিল বাইপাস সড়কে অভিযান চালিয়ে কাভার্ডভ্যানসহ ওশান কবির মিলন গ্রেফতার করে। এসময় জব্দ করা হয় ২১৫০ পিস ভারতীয় শাড়ি, ২৫০ পিস ভারতীয় থ্রী-পিস, ৪০ পিস ভারতীয় লেহেঙ্গা, ২৪০ জোড়া খেলার বুট জুতা, ৪৯০০ পিস সানগ্লাস ও ৩৭৫ বক্স ভার্জিন রুলিং পেপার। যার আনুমানিক মূল্য ১ কোটি ৭৭ লাখ ২৪ হাজার টাকা।পাশাপাশি মালামাল পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে এসএমপি শাহপরাণ (রহ.) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়। পরে তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এরআগে শনিবার ভোরে সিলেট তামাবিল বাইপাস রাস্তায় মুরাদপুর এলাকায় সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অভিযানে ২৭৮ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১৬ লাখ ১ হাজার ২৮০ টাকা।
অভিযানে একটি কার্গো ট্রাক জব্দ ও ২জনকে গ্রেফতার করে আদলতে সোপর্দ করা হয় বলে জানায় এসএমপি মিডিয়া।
আজকে সিলেট/কে.আর
খলিলুর রহমান 








