আজমিরীগঞ্জে শয্যাশায়ী বাবাকে দা দিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২৯ AM

আজমিরীগঞ্জে শয্যাশায়ী বাবাকে দা দিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক

আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৭/১০/২০২৬ ০৯:২২:১২ AM

আজমিরীগঞ্জে শয্যাশায়ী বাবাকে দা দিয়ে হত্যার অভিযোগ, ছেলে আটক


হবিগঞ্জের আজমিরীগঞ্জে ক্যানসারে আক্রান্ত শয্যাশায়ী বাবা শাহাবুদ্দিন মিয়াকে (৬৫) ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। মাদকাসক্ত ও মানসিকভাবে অসুস্থ বলে পরিবারের পক্ষ থেকে জানানো ওই ছেলেকে পরে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ৩ নম্বর শিবপাশা ইউনিয়নের আন্ধাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাবুদ্দিন মিয়া ওই গ্রামের বাসিন্দা। আটক ইয়াফিন মিয়া নিহতের ছয় ছেলে ও এক মেয়ের মধ্যে চতুর্থ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাবুদ্দিন মিয়া দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। অন্যদিকে ইয়াফিন গত প্রায় দুই বছর ধরে মাদকাসক্ত এবং মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে স্বজন ও স্থানীয়দের ভাষ্য।

মঙ্গলবার দুপুরে পরিবারের অন্য সদস্যরা গ্রামের এক মৃত ব্যক্তিকে দেখতে বাড়ির বাইরে যান। এ সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগে ইয়াফিন ঘরে ঢুকে ধারালো দা দিয়ে তার বাবাকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ।

পরে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে শাহাবুদ্দিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহাবুদ্দিনের লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ধারালো দা জব্দ করা হয়। পরে অভিযান চালিয়ে শিবপাশা বাজার এলাকা থেকে ইয়াফিনকে আটক করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার ও স্থানীয় ইউপি সদস্য জয়নাল মিয়া বলেন, ইয়াফিন মাদকাসক্ত ছিলেন। তিনি ক্যানসারে আক্রান্ত বাবাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে তারা জানতে পেরেছেন।

আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ পাল বলেন, নিহতের স্ত্রী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শাহাবুদ্দিন ক্যানসারে আক্রান্ত ছিলেন এবং ইয়াফিন প্রায় দুই বছর ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন।

তিনি জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশ হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক ইয়াফিনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর