চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নারীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ PM

চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নারীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৬/১০/২০২৬ ০৭:৩৭:৫৯ PM

চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নারীর মৃত্যু, তদন্ত কমিটি গঠন


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তানজিলা আক্তার (২০) নামে এক নারীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসাসেবায় কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতেই এ কমিটি করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. মোজাম্মেল হোসেন তদন্ত কমিটি গঠন করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় বুকে ব্যথা নিয়ে তানজিলা আক্তার চিকিৎসার জন্য চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. তরিকুল আলম তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

এরপর অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে স্বজনরা তানজিলাকে হাসপাতালের দ্বিতীয় তলায় নার্সদের কাছে নিয়ে যান। সেখানে তাকে অক্সিজেন দেওয়া হয়। কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান।

তানজিলার স্বজনদের অভিযোগ, দ্বিতীয় তলায় নেওয়ার পর প্রয়োজনীয় চিকিৎসাসেবা সময়মতো দেওয়া হয়নি। এতে তার অবস্থার আরও অবনতি ঘটে বলে দাবি করেন তারা।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য ভিন্ন। তাদের দাবি, রোগীকে প্রয়োজনীয় অক্সিজেন দেওয়া হয়েছিল। অক্সিজেন দেওয়ার পরও অবস্থার উন্নতি না হওয়ায় একপর্যায়ে তার মৃত্যু হয়। চিকিৎসাসেবায় কোনো ত্রুটি ছিল না বলেও দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোজাম্মেল হোসেন বলেন, স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর তানজিলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। পরে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।

তিনি বলেন, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার আগ পর্যন্ত স্বজনরা রোগীকে হাসপাতালের দ্বিতীয় তলায় নার্সদের কাছে নিয়ে যান। সেখানে তাকে অক্সিজেন দেওয়া হয়। এর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। চিকিৎসাসেবায় কোনো ত্রুটি বা দায়িত্বে অবহেলা ছিল কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তানজিলার মৃত্যুর প্রকৃত কারণ এবং চিকিৎসাসেবায় কারও দায়িত্বে অবহেলা ছিল কি না, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর