সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ ৫০ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের তালিকায় রয়েছে ভারতীয় টমেটো, কম্বল, মাল্টা, আপেল, কমলা, জিরা, প্রসাধনসামগ্রী, চকলেট ও আলু। রোববার গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)–এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, প্রতাপপুর, ডিবিরহাওর, বিছনাকান্দি, সংগ্রাম ও পান্থুমাই বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন বিজিবি সদস্যরা। এসব অভিযানে বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ১৫ লাখ ৫০ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, জব্দ করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সীমান্ত দিয়ে অবৈধ পণ্য প্রবেশ বন্ধ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
আজকের সিলেট/ জেকেএস









