নগরীর কুমারপাড়া এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে দুই নেতাকে আটক করেছে পুলিশ। আটক দুজনের একজন ২৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি এবং অন্যজন সাধারণ সম্পাদক বলে জানা গেছে। বুধবার সকাল ৯টার দিকে তাদের আটক করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে কুমারপাড়া এলাকায় একটি ব্যানার সামনে রেখে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন যুবক। তাঁরা কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে।
খবর পেয়ে সিলেট মহানগর পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে। এ সময় তাঁদের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান।
আটক দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাঈনুল জাকির জানান, মিছিলের প্রস্তুতিকালে দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
আজকের সিলেট/ জেকেএস









