হবিগঞ্জ ও মৌলভীবাজারের সীমান্তবর্তী এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় গাঁজা, ২৬ বোতল ভারতীয় মদ, ৪ বোতল ভারতীয় বিয়ার এবং ৬০০ প্যাকেট বাংলাদেশি মশার কয়েল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যগুলোর আনুমানিক সিজার মূল্য ১ লাখ ৫৮ হাজার টাকা।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২০ নম্বর সুরমা চা-বাগান এলাকায় অভিযান চালায় তেলিয়াপাড়া বিওপির টহলদল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে একটি সন্দেহজনক বস্তা তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ২০ কেজি ভারতীয় গাঁজা, ৪ বোতল ভারতীয় বিয়ার ও ২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। বস্তাটি চোরাকারবারিরা সেখানে লুকিয়ে রেখেছিল বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, একই দিন দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন এলাকায় অভিযান চালিয়ে ২৪ বোতল ভারতীয় মদ জব্দ করে সিন্দুরখান বিওপির টহলদল। পরে রাত ৮টার দিকে শ্রীমঙ্গলের মাংরাবস্তি এলাকায় আরেকটি অভিযান চালিয়ে ৬০০ প্যাকেট বাংলাদেশি মশার কয়েল উদ্ধার করা হয়। এসব পণ্যও মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মাদকদ্রব্য ও মশার কয়েল বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষা, মাদকের অবৈধ প্রবেশ ঠেকানো এবং চোরাচালান দমনে বিজিবি নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের নিরাপত্তা, জনস্বাস্থ্য ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। এ কাজে সীমান্তবর্তী জনগণের সহযোগিতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
আজকের সিলেট/ জেকেএস
আজকের সিলেট ডেস্ক 








