মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার যানজট নিরসন, অবৈধ পার্কিং বন্ধ, মাদক নির্মূল, শীতকালে চুরি প্রতিরোধ এবং হাকালুকি হাওরে অতিথি পাখি শিকার বন্ধসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
বুধবার সকালে উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বানী চৌধুরীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রথমে বিগত সভার কার্যবিবরণী পাঠ করে শোনানো হয়। পরে উপস্থিত সদস্যরা তা সম্পর্কে অবগত হন এবং সর্বসম্মতিক্রমে কার্যবিবরণী অনুমোদন করেন।
সভায় উপজেলার যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রাখা এবং সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি শীত মৌসুমে চুরির ঘটনা বৃদ্ধি রোধে ব্যবস্থা গ্রহণ, হাকালুকি হাওরে অতিথি পাখি শিকার ও নিধন বন্ধ, মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ এবং পরিচ্ছন্নতা অভিযান জোরদার করার বিষয়গুলো গুরুত্ব পায়।
আলোচনায় এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তর ও ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তব্য দেন জুড়ী থানার ওসি তদন্ত মো. আব্দুল মালিক পিপিএম, উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, সিনিয়র সহ-সভাপতি ও গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ এবং জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজীর আহমেদ রাসেল।
এ ছাড়া বক্তব্য দেন হযরত শাহখাকী (র:) আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইয়াকুব আলী, সাগরনাল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরফ উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা আক্তার, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, বিএনপি নেতা হাবিবুর রহমান, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, উপজেলা জামায়াতের আমির আব্দুল হাই হেলাল, ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ ও মহিলা ইউপি সদস্য রোশনা বেগম।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/ জেকেএস
জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি 








