শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে শাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৯/১০/২০২৬ ০৭:১৮:৫৬ অপরাহ্ন

শ্রীমঙ্গলে শাবানা হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া অন্য দুই আসামির একজনকে সাত বছর এবং অপরজনকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন। মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এপিপি আব্দুল ওয়াহিদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন পূর্ব লইয়ারকুল গ্রামের ফারুক মিয়ার ছেলে নাসির মিয়া (২৬) ও গিয়াস মিয়া (২৫) এবং মৃত মতন মিয়ার ছেলে বিল্লাল মিয়া (৩০) ও দুলাল মিয়া (২৬)। তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

মামলার অপর দুই আসামির মধ্যে মহিবুর রহমান ওরফে অমৃত মিয়াকে (৫০) সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অন্য আসামি জয়নাল আবেদীনকে (৫৫) এক বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

আদালত কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের পূর্ববর্তী হাজতবাসের সময় সাজা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

অন্যদিকে, অভিযোগ প্রমাণিত না হওয়ায় জাবেদ মিয়া, হাসি বেগম, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল বাসার মিয়া, আলী ইসলাম ও নাজমিন বেগমকে খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০১৬ সালের ৭ এপ্রিল শ্রীমঙ্গল উপজেলার পূর্ব লইয়ারকুল গ্রামে বাড়ির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে শাবানা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই হেলাল মিয়া ১৪ জনকে আসামি করে শ্রীমঙ্গল থানায় মামলা করেন।

মামলাটিতে সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত এ রায় ঘোষণা করেন।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর