ঝিনাইদহে ১১ দলীয় জোটের লং মার্চের পথসভায় বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সাত দফা দাবি সরকার মেনে না নিলে তা যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের অধিকার উপেক্ষা করা হলে বিরোধী দল চুপ করে বসে থাকবে না।
শনিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ শহরের শহীদ মিনার চত্বর এলাকায় ১১ দলীয় জোটের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকার জনগণকে অপমান করেছে। গত ফেব্রুয়ারিতে মানুষ দুটি ভোট দিয়েছিল। একটি ভোটে কারচুপির মাধ্যমে বিএনপি সরকার গঠন করেছে বলে অভিযোগ করেন তিনি। অন্য ভোটে বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন দল জনগণকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, সেখানে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। কিন্তু গণভোটে জনগণের দেওয়া রায় এখনো বাস্তবায়ন করা হয়নি।
জামায়াত আমির বলেন, সরকার সাত দফা দাবি মেনে নিলে এক দফার পরিস্থিতি তৈরি হবে না। তবে দাবি মেনে না নিলে এক দফার আন্দোলনের মুখে পড়তে হবে। তিনি বলেন, তাঁরা দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা চান না। এ পর্যন্ত তাঁদের প্রতিটি লংমার্চ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, জনগণের অধিকার কেড়ে নেওয়া হলে বিরোধী দল নিষ্ক্রিয় থাকবে না। সাত দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে। সরকারকে আলোচনার মাধ্যমে দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।
গণভোটের রায় বাস্তবায়ন করা হলে ভবিষ্যতে আর লংমার্চের কর্মসূচি দেওয়া হবে না বলেও জানান শফিকুর রহমান। তবে সরকার গণভোটের রায় না মানার অবস্থানে অনড় থাকলে ঢাকায় যাওয়ার আহ্বান জানানো হবে বলে তিনি মন্তব্য করেন।
পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল অলি আহমেদ অভিযোগ করেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশকে একদলীয় ও বাকশালী শাসনের দিকে নিয়ে যাচ্ছে।
এ সময় ১১ দলীয় জোটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভা শেষে রাত ১০টার দিকে লংমার্চের বহর ঝিনাইদহ থেকে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হয়।
আজকের সিলেট/ জেকেএস









