বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি : সোহেল আহমেদ
দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তাঁর দাবি, শ্রমিকদের রাস্তায় নামিয়ে পরিস্থিতি ঘোলাটে করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে একটি পক্ষ।
সোমবার বিকেলে সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার উদাহরণ রয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের অনেক নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। তবে কেউ চোরাপথে কিংবা পেছনের দরজা দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। এসব কর্মকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।
জামায়াতের আমিরের ‘আরেকটি বিপ্লবের অপেক্ষায়’ থাকার বক্তব্যের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, মাত্র আট মাসের সরকারকে বেকায়দায় ফেলতেই এমন চেষ্টা চলছে। সংসদে আলোচনা না করে যারা লংমার্চ করছেন, তাঁদের এ বিষয়ে ইন্ধন নেই এমনটা জনগণ মনে করবে না।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, এবার দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না। তবে জেলা পর্যায়ে নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকের সিলেট/ জেকেএস









