সুনামগঞ্জের দিরাইয়ে তারাবির নামাজের সময় মসজিদে প্রতিবন্ধী এক কিশোরের সঙ্গে খুনসুঁটিকে কেন্দ্র করে ঝগড়ার পর দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন।
শনিবার রাতে উপজেলার বদলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে অবস্থা গুরুতর হওয়ায় সিজিল মিয়া (৫৫), আয়মালা বিবি (৪৫), পাখি মিয়া (৫০), শরাফত উল্লাহ (৪০), সাইফুল (২২), লিটন মিয়া (২৮), আরশ আলী (৫০) কে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়েছে।
এছাড়া আহত সুজন মিয়া (২০), আল মামুন (১৮), গোলাপ মিয়া (৬৫), তাহির মিয়া (৬০), তালহা (১৭), শাহজাহান (৪৭), আব্দুর রহমান (৩৫), নুরুল ইসলামকে (৫০) দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানায়, বদলপুর গ্রামের সাবেক ইউপি সদস্য সিজিল মিয়া ও ফারুক মিয়ার লোকজনের মধ্যে বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে। গতরাতে তারাবির নামাজের শুরুতে ফারুক মিয়ার পক্ষের আব্দুল কাইয়ুম মিয়ার ভাগ্নে বুদ্ধি প্রতিবন্ধী হামিদ মিয়ার সঙ্গে সিজিল মিয়ার পক্ষের কয়েকজন কিশোর মসজিদের ভেতরে খুনসুঁটি করেন। এ নিয়ে উভয় পক্ষের লোকজন মসজিদেই তর্কে জড়ায়। পরে সিজিল মিয়ার লোকজন মসজিদ থেকে বেরিয়ে আসে। নামাজের শেষের দিকে তারা এক হয়ে মসজিদে আসে। পরে মসজিদের সামনেই দু'পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দিরাই থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতরা সিলেট ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।
আজকের সিলেট/ডি/এসটি
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি 








