দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার চারটি আসনে ভোটে লড়ে ২২ জন প্রার্থীর মধ্যে ১৭ জনই জামানত হারিয়েছেন। চারটি আসনেই নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) প্রতিদ্বন্দ্বী চারজন প্রার্থীর মধ্যে তিনজনই জামানত হারিয়েছেন। জামানতের টাকা ফেরত পাওয়ার মতো ভোট পেয়েছেন নবনির্বাচিত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দীন (নৌকা। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৩৬ হাজার ৩০৮।
জামানত হারিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন (লাঙ্গল)। তিনি পেয়েছেন ৩ হাজার ৯৮ ভোট। অবশ্য আহমদ রিয়াজ উদ্দিন ভোটের আগের দিন নির্বাচন থেকে সরে দাঁড়ান। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী ময়নুল ইসলাম (ট্রাক) ২ হাজার ৫২৫ ভোট ও তৃণমূল বিএনপির আনোয়ার হোসেন (সোনালি আঁশ) ১ হাজার ৫৩৭ ভোট। মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৬৩৫ জন। প্রদত্ত ভোট ১ লাখ ৪৫ হাজার ৮৯৯।
মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে প্রতিদ্বন্দ্বী আটজন প্রার্থীর মধ্যে ছয়জনই জামানত হারিয়েছেন। এদের মধ্যে সাবেক দুই সংসদ সদস্যও রয়েছেন। জামানতের টাকা ফেরত পাওয়ার মতো ভোট পেয়েছেন নবনির্বাচিত আওয়ামী লীগের প্রার্থী শফিউল আলম চৌধুরী নাদেল (নৌকা)। তিনি পেয়েছেন ৭২ হাজার ৭১৮ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এ কে এম শফি আহমদ সলমান (ট্রাক) ১৫ হাজার ৫৫২ ভোট।
জামানত হারিয়েছেন তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য এম এম শাহীন (সোনালি আঁশ)। তিনি পেয়েছেন ১১ হাজার ৪৪৯ ভোট। সাবেক সংসদ সদস্য আব্দুল মতিন (কাচি) ৬৬৮ ভোট, জাতীয় পার্টির আব্দুল মালিক (লাঙ্গল) ৫৬৫ ভোট, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা আসলাম হোসাইন রহমানী (মিনার) ৩৬৬ ভোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এনামুল হক মাহতাব (মোমবাতি) ৩০৫ ভোট ও বিকল্পধারার প্রার্থী মো. কামরুজ্জামান সিমু (কুলা) ১৬১ ভোট। মোট ভোটার ২ লাখ ৮৫ হাজার ৪৭২ জন। প্রদত্ত ভোট ১ লাখ ৩ হাজার ৫৩৪।
মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে প্রার্থী ছিলেন সাতজন। নৌকার প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান ১ লাখ ৬৭ হাজার ৮৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্য ছয় প্রার্থীই জামানত হারিয়েছেন। তারা হলেন- জাতীয় পার্টির মো. আলতাফুর রহমান (লাঙ্গল) ২ হাজার ৬৯৮, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) আব্দুল মোসাব্বির (মশাল) ২ হাজার ২৪৬, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির তাপস কুমার ঘোষ (হাতুড়ি) ১ হাজার ২৭৮, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. ফাহাদ আলম (ছড়ি) ৯৪০, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. আব্দুর রউফ (মোমবাতি) ৭৯৫ ও ন্যাশনাল পিপলস পার্টির মো. আবু বকর (আম) ৭০৪ ভোট। এখানে মোট ভোটার ৪ লাখ ৫৬ হাজার ৩৮৮ জন। প্রদত্ত ভোট ১ লাখ ৭৯ হাজার ২০।
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে তিন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন দুজন। তারা হলেন- বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী আবদুল মুহিত হাসানী (মোমবাতি) ৫ হাজার ৩৯০ ও ইসলামী ঐক্যজোটের মো. আনোয়ার হোসাইন (মিনার) ৫ হাজার ৬৮ ভোট। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ ২ লাখ ১২ হাজার ৪৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫৯ হাজার ১০১ জন। প্রদত্ত ভোট ২ লাখ ২৭ হাজার ১৯।
আজকের সিলেট/বিএন/ডি/এসটি
মৌলভীবাজার প্রতিনিধি 








