পয়লা বৈশাখ ১৪৩১ বাংলা। বছরের প্রথম সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নতুন আরেক বছরে পর্দাপণ করেছে বাঙালি। নতুন বছর শুরুর এ দিনটি বাঙালিদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই বর্ষবরণে উৎসবে প্রাণের ছোঁয়ায় মেতেছেন মৌলভীবাজারবাসী।
রোববার সকালে পুরোনো গ্লানি, হতাশা আর মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশায় বাংলা নতুন বছর ১৪৩১-কে বরণ করতে মৌলভীবাজারে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে জেলা প্রশাসন ও জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংঘটনগুলো।
জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শিল্পকলা একাডেমী গিয়ে শেষ হয়।
বর্ণাঢ্য মঙ্গল শুভাযাত্রায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মো. মনজুর রহমান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অংশ নেন।
এদিকে, মৌলভীবাজার পৌরসভার সহযোগিতায় জেলা সম্মিলিত সাংস্কৃতিক ঐক্যজোটের মঙ্গল শোভাযাত্রাটি মেয়র মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে মেয়র মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।
এই বর্ণাঢ্য মঙ্গল শুভাযাত্রায় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য নেছার আহমদ, পৌরমেয়র মো. ফজলুর রহমান সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এছাড়াও বাংলা নববর্ষের উৎসব উপলক্ষে পৃথক মঙ্গল শুভাযাত্রা বের করে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
এদিকে জেলার অন্যান্য উপজেলাতেও বর্ষববরণ উদযাপনে মঙ্গল শোভাযাত্রা, গ্রামীণ মেলাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি
মৌলভীবাজার প্রতিনিধি 








