বকেয়া মজুরি, চিকিৎসা, বাসস্থান সহ নানা সমস্যার সমাধানের দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু ধলই ভ্যালী কার্যকরী পরিষদ ও মিরতিংগা চা বাগানের চা শ্রমিকদের অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে মৌলভীবাজার জেলার কমলগঞ্জের মিরতিংগা চা বাগান ফ্যাক্টরি সামনে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মনু ধলই ভ্যালী সভাপতি ধনা বাউরী, বীর মুক্তিযোদ্ধা কুল চন্দ্র তাঁতী, বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মন্টু অলমিক, মো. আব্দুল জব্বার, মাসুদ আলী, নিশি গঞ্জু প্রমুখ।
এসময় চা শ্রমিকেরা ক্ষোভ জানিয়ে বলেন, চা শ্রমিকদের কোন মূল্য নেই, করোনাকালীন সব কিছু বন্ধ থাকলেও চা বাগান বন্ধ হয়নি। চা শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি পাচ্ছে, চা শ্রমিকরা না খেয়ে মরবে। ১৭০ টাকা মজুরী দিয়ে তাদের সংসার চালাতে খুবই কষ্ট হচ্ছে।
প্রতিবাদ সমাবেশে বক্তারা জানান, চা শ্রমিকরা ঠিকমত বাগানে শ্রম দিয়ে যাচ্ছেন, কিন্তু তাদের মজুরি দিতে টালবাহানা চলছে, আজ না কাল করে মালিকপক্ষ তাদেরকে ঘুরাচ্ছেন। বাগানের হাসপাতালে ওষুধ নেই, শ্রমিকদের বাহিরে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে, ঝড় তুফানে বাসস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে। বাগান কর্তৃপক্ষ মেরামত করে দিচ্ছেন না। তারা সন্তানাদি নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
দ্রুত সময়ের ভিতরে বকেয়া মজুরি, চিকিৎসা, বাসস্থান সমস্যার সমাধান না হলে কঠোর কর্মসূচির মাধ্যমে লাগাতার কর্মবিরতি পালনের হুঁশিয়ারি প্রদান করা হয়।
আজকের সিলেট/ডি/এসটি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি 








