জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- রেদোওয়ান আহমদ (২৬), দেলোয়ার হোসেন (২৫) ও মঞ্জুর আহমদ (৩৮)। তাদের সবার বাড়ি উপজেলার বারঠাকুরী ইউপির বারঠাকুরী গ্রামে।
শনিবার দিবাগত গভীররাতে সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী ব্রিকফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেলে করে সোনাসার থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিন আরোহী। জকিগঞ্জ-সিলেট সড়কের বারঠাকুরী গ্রামের কাছে ইটভাটার সামনে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এতে তিন মোটরসাইকেল আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাবেয়া খাতুন চৌধুরী হাসপাতালে নিয়ে গেলে রেদোয়ান ও মঞ্জুরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর আহত দেলোয়ার হোসেনকে সিলেটে নিয়ে আসার পথে তারও মৃত্যু হয়।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী বলেন, মোটরসাইকেলে ওই তিনজন যখন সিলেটের দিকে যাচ্ছিলেন, তখন ঝড়-বৃষ্টি হচ্ছিল। ঝড়ের মধ্যে সড়ক অন্ধকার থাকায় মোটরসাইকেলটি সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাক্টরকে ধাক্কা দেয়। এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
আজকের সিলেট/ডি/এসটি
জকিগঞ্জ প্রতিনিধি 








