কোম্পানীগঞ্জ উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রমজান আলী (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া রমজান উপজেলার পূর্ব ইউনিয়নের মুসলিমপাড়া (চন্দ্রনগর) গ্রামের আব্দুল মতিনের ছেলে। এসময় আহত হয়েছেন হাসমত আলী (৪৫) নামে আরো একজন। আহত হাসমত রাধানগর গ্রামের জামাল মেম্বারের ছেলে।
রোববার ভোরে উপজেলার রাধানগর হাওরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে রাধানগর হাওয়রে মাছ শিকার করতে গিয়েছিলেন রমজান মিয়া ও হাসমত আলী। বৃষ্টির সাথে তখন বজ্রপাত হচ্ছিল। সকাল সাড়ে ৫টায় বিকট শব্দে রমজান আলীর পাশে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে রমজান আলীর মৃত্যু হয়। এ সময় রমজান থেকে একটু দূরে মাছ শিকার করছিলেন হাসমত। বজ্রপাতের প্রভাবে তিনিও আহত হোন। পরে স্থানীয়রা আহত হাসমত আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা শেষে তিনি বাড়িতে ফিরে এসেছেন।
এদিকে, নিহত রমজান আলীর লাশ হওয়রের সৈয়দ মিয়ার ফিসারির পাশ থেকে দুপুরে পুলিশ উদ্ধার করে। দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা সাহায্য দিয়েছে।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বিষয়ি নিশ্চিত করে জানান, নিহতের লাশের সুরতহাল করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। পরিবার চাচ্ছে পোস্টমর্টেম না করে লাশ নিয়ে যেতে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
আজকের সিলেট/ডি/এসটি
কোম্পানীগঞ্জ প্রতিনিধি 








