তৃতীয়বার জালভোট দিতে গিয়ে ম্যাজিস্ট্রেটের হাতে আটক তরুণকে ছাড়িয়ে নিতে না পেরে সাংবাদিকের ওপর হামলা করেছেন এক চেয়ারম্যান প্রার্থীর কর্মীরা। তাদের হামলায় সিলেট প্রতিদিন টোয়েন্টিফোর ডটকম এর ফটো সাংবাদিক রেজা রুবেল আহত হয়েছেন।
বুধবার বেলা আড়াইটার দিকে সিলেট সদর উপজেলার ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দুপুর আড়াইটার দিকে ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দিতে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে আটক হন তানজীদ আহমদ নামে এক কিশোর। সে স্কলারস হোমের একাদশ শ্রেণির শিক্ষার্থী। ভোটকেন্দ্রে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে আটক করে প্রিসাইডিং কর্মকর্তাদের কক্ষে রাখেন। এসময় তাকে ছাড়িয়ে নিতে ভোটকেন্দ্রে প্রবেশ করেন এই চেয়ারম্যান প্রার্থীর সমর্থক স্থানীয় এক ইউপি সদস্য।ম্যাজিস্ট্রেটের নিকট থেকে জাল ভোট দিতে আসা আটক কিশোরকে ছাড়িয়ে নিতে না পেরে কেন্দ্রের সামনে থাকা সাংবাদিক রেজা রুবেলের ওপর হামলা করেন ইউপি সদস্য। এসময় চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকরা সংঘবদ্ধভাবে রেজা রুবেলকে ব্যাপক মারধর করেন।
ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবুল কালাম আজাদ বলেন, কেন্দ্রে ভেতরে জালভোট দিতে আসলে এক যুবককে আটক করে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট। তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
কেন্দ্রের সাংবাদিকের ওপর হামলার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, কেন্দ্রের বাইরে কারা হামলা করেছে সেটা আমার জানা নেই। কেন্দ্রের ভেতরে কোনো ঘটনা ঘটলে সেটার দায় আমি নেবো।
আজকের সিলেট/কে.আর
নিজস্ব প্রতিবেদক 








