জকিগঞ্জে ছালেক মিয়া (৩৮) এক গৃহকর্তার রহস্যজনক মৃত্যু ঘটেছে। তিনি জকিগঞ্জ উপজেলায় জিয়াপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে ও দুই সন্তানের জনক।
শনিবার থানার জিয়াপুর গ্রাম থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার রাতে বাজার থেকে ২ মেয়ের জন্য নতুন জামা ও ফল নিয়ে বাড়ি ফিরেন ছালেক। মেয়েদেরকে ঘুম থেকে জাগিয়ে নতুন জামা পরিধান করিয়ে ঘর থেকে বের হয়ে যান । পরে শনিবার সকালে বাড়ির পাশেই তার রক্তাক্ত লাশ পাওয়া যায় ।
সূত্র জানায়, এ সময় লাশের পাশে একটি পানির বোতল এবং বিষাক্ত কিছু কীটনাশক ছিলো। এসময় একটি চিরকুটে লেখা ছিলো 'আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। নিজের ইচ্ছাতেই আমি আত্মহত্যা করেছি।'
বাবাকে উদ্দেশ্য করে লিখেছেন 'বাবা, আমার বকরি গুলো বিক্রি করে আমার স্ত্রীর মোহরানা পরিশোধ করবেন। আর আমার মেয়েগুলোকে দেখে রাখবেন।'
জকিগঞ্জ থানার ওসি বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। চিরকুটসহ আলামতগুলোর সূত্র ধরে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। আত্মহত্যা না হত্যা একটি তা এখনই বলা যাচ্ছে না।
আজকের সিলেট/কে.আর
নিজস্ব প্রতিবেদক 








