প্রচণ্ড খরতাপে পুড়ছে পুরো সিলেট। এরইমধ্যে আজ চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
শনিবার দুপুরে সিলেটের তামপাত্রা ছিল ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা সিলেটে চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ্ মো. সজিব হোসেন জানান, ঝোড়ো হাওয়ার কোনো পূর্বাভাস নেই তবে আগামীকাল বুঝা যাবে ঘূর্ণিঝড় আসবে কি না। এ রকম তথ্য পাওয়া যায় এখন পর্যন্ত।
এই তাপমাত্রা গত ১০ বছরের রেকর্ড ভেঙেছে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, এর আগে সিলেটে ২০১৪ সালের ২৪ এপ্রিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রের্কড হয়েছিল। এরপর এটাই সর্বোচ্চ তাপমাত্রা।
তীব্র গরমে অতিষ্ঠ সিলেটের মানুষ। দিনের বেলায় সিলেট নগরীতে গরমের কারণে অনেকটা স্থবিরতা নেমে আসে। এছাড়া অনেক এলাকায় বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে দুর্ভোগ আরও বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শুক্রবারও তাপমাত্রা ছিল ৩৭.৭। আর এর আগের দিন বৃহস্পতিবার ছিল ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গত দুই সপ্তাহ ধরে তাপপ্রবাহ চলছে। এতে গরমে হাঁসফাঁস অবস্থা।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমাল দেশের উপকূলীয় এলাকায় আঘাত হানলে সারাদেশেই বৃষ্টিপাত হবে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে তাপমাত্রা কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আজকের সিলেট/পিএ/এসটি
নিজস্ব প্রতিবেদক 








