ফিলিস্তিনে অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে সিলেটে মোমবাতি প্রজ্বলন
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৪৪ PM

ফিলিস্তিনে অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে সিলেটে মোমবাতি প্রজ্বলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯/০৫/২০২৪ ০১:২৮:২১ AM

ফিলিস্তিনে অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে সিলেটে মোমবাতি প্রজ্বলন


সিলেটের সারদা হল কমপ্লেক্সে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ফিলিস্তিনে অবিলম্বে যুদ্ধবিরতি বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। গত সাত মাসে তের হাজার ফিলিস্তিনি শিশু নিহত হওয়ার শোক ও ভালোবাসা জানাতে ১৩ ফিলিস্তিনি শিশুর প্রতিকৃতির সামনে ফুল ও শত আলো প্রজ্বলন করা হয়। এই সমাবেশে ইসরায়েলি মানবতাবিরোধী গণহত্যার প্রতিবাদ জানানো হয়।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় সম্মিলিত নাট্য পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সংহতি সমাবেশে উপস্থিত ছিলেন স্থানীয় পরিবেশকর্মী, নাগরিক অধিকারকর্মী, মানবাধিকার কর্মী, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।


আয়োজক সংগঠনগুলোর মধ্যে ছিল এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডেট এন্ড ডেভেলপমেন্ট (এপিএমডিডি), ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এবং সুরমা রিভার ওয়াটারকিপার। প্রদীপ প্রজ্বলন শেষে গণসংগীত পরিবেশন করেন নগরনাট ও উদীচীর নেতৃবৃন্দ।

সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি মোহাম্মদ জহিরুল হক শাকিল বলেন, “ইসরায়েল সরকার গাজায় ফিলিস্তিনি জনগণের উপর জাতিগত নিধন চালাচ্ছে, যা অত্যন্ত অমানবিক। এই জেনোসাইডে নারী ও শিশুসহ হাজারো মানুষকে হত্যা করা হচ্ছে। সারা পৃথিবীর মানুষ এই হত্যাযজ্ঞের প্রতিবাদ করছে। আমরা চাই এই হত্যাযজ্ঞ অবিলম্বে বন্ধ হোক।”

বাপা সিলেট শাখার সহসভাপতি ডা. শাহ জামান চৌধুরী বাহার বলেন, “আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ হোক। বিশ্বনেতাদের প্রতি আহ্বান, এই মৃত্যুর মিছিল বন্ধে দ্রুত পদক্ষেপ নিন।”

সুরমা রিভার ওয়াটারকিপার আব্দুল করিম চৌধুরী কিম স্বাগত বক্তব্যে বলেন, “২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যায় কমপক্ষে ৩৫,২৭২ জন নিহত এবং ৭৯,২০৫ জন আহত হয়েছে। ২০২৪ সালের মে মাসে গাজায় গণহত্যার সপ্তম মাসে ইসরায়েল রাফাতে স্থল আক্রমণ চালায় এবং প্রায় ছয় লক্ষ মানুষকে শহর ছেড়ে পালাতে বাধ্য করে। এই যুদ্ধে প্রায় ১৩ হাজার শিশু নিহত হয়েছে। এই শিশুদের প্রতি সহমর্মিতা জানিয়ে আমরা ১৩ ফিলিস্তিনি শিশুর প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করে প্রতিবাদ জানাচ্ছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদের পরিচালক নিরঞ্জন দে যাদু, সভাপতি রজত কান্তি গুপ্ত, নাগরিক মৈত্রীর সমর বিজয় সী শেখর, মানবাধিকার কর্মী লক্ষ্মী কান্ত সিংহ, সাবেক ছাত্রনেতা মাহমুদুর রহমান চৌধুরী (ওয়েস), সেইভ দ্যা হেরিটেজ এন্ড ইনভায়রনমেন্টের সমন্বয়ক আব্দুল হাই আল হাদী, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস ও পলিটিক্যাল স্টাডিজ বিভাগের শিক্ষক প্রফেসর মাওলানা ড. মোহাম্মদ এমদাদুল হক, গণজাগরণ মঞ্চের মুখপাত্র দেবাশীষ দেবু, উদীচী সিলেটের সাধারণ সম্পাদক দেবব্রত পাল মিন্টু, উদীচী সিলেটের সহসভাপতি রতন দে, পরিবেশ কর্মী রেজাউল কিবরিয়া লিমন, শিক্ষক নিরঞ্জন সরকার, নাট্যকর্মী নাহিদ পারভেজ বাবু, সাংস্কৃতিক সংগঠক অ্যাডভোকেট মনির হেলাল, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান, নগরনাটের সাবেক সভাপতি উজ্জ্বল চক্রবর্তী, নাট্যকর্মী অরূপ বাউল, সাংস্কৃতিক কর্মী রাজনৈতিক রাজীব রাসেল, সাংস্কৃতিক বিদ্যালয় ঊষার পরিচালক নিগাত সাদিয়া, অ্যাথলেট আফসানা হালিমা, সুমা আক্তার, মাহিয়া জান্নাত, জোনাকি প্রমুখ।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর