সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চিনিসহ ৯ চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় চোরাচালানে ব্যবহৃত পাঁচটি ট্রাক জব্দ করা হয়। আটককৃতরা হলেন, মো. ওবাইদুর রহমান (৩৫), মো.শাওন আলী (৩০), মো. রফিকুল ইসলাম (৩৩), মো. জুয়েল (৪৫), মো. নরুল ইসলাম (৪৩), মো. সাগর হোসেন (৩২), মো. সুজন আলী (২৮), মো. মামরোজ আলী (২২) ও মো. মারুফ আলী (২০)।
শুক্রবার বিকাল সাড়ে ছয়টার দিকে শাহপরাণ থানাধীন মুরাদপুর সুরমা গেইট এলাকায় অভিযান চালিয়ে এসব ভারতীয় চিনিসহ ৫টি ট্রাক জব্দ করা হয়। ভারতীয় চিনি যার বাজার মূল্য প্রায় ৮৭ লক্ষ ৪৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে শাহপরাণ থানাধীন মুরাদপুর সুরমা গেইট এলাকার শ্রীরামপুর বাইপাস সড়কের একটি সেতুতে অভিযান পরিচালনা করে ১ হাজার ৪শ ৫৮ বস্তা চিনি, চোরাই কাজে ব্যবহার করা ৫টি ট্রাক ও ৯ চোরাকারবারিকে আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়েরের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
আজকের সিলেট/ডি/এপি
নিজস্ব প্রতিবেদক 








