ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নে সম্প্রতি ঘূর্ণিঝড় রেমাল ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৩৫টি দরিদ্র পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার উসমানপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়ালীউল্লা বদরুলের পরিবারের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দরিদ্র মানুষের মুখে হাসি ফুটেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের অর্থ সম্পাদক কামরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, ইউপি সদস্য শাকির আহমদ, সমাজসেবক লাল মিয়া,আউয়াল হোসেন চৌধুরী, আনোয়ার আলী, ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী।
চেয়ারম্যান ওয়ালীউল্লা বদরুল বলেন, আমাদের পরিবার সবসময়ই মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এই ছোট্ট প্রচেষ্টার মাধ্যমে আমরা চাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত তাদের জীবনে ফিরে আসুক এবং তাদের দৈনন্দিন জীবনে স্বস্তি ফিরে পাক।
জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বলেন, আমরা সবসময় জনগণের পাশে থাকব এবং তাদের সহযোগিতায় উন্নয়নমূলক কাজ করে যাব। এই উদ্যোগ আমাদের সংগঠনের পক্ষ থেকে সমাজের দরিদ্র মানুষের প্রতি আমাদের দায়িত্ব এবং ভালোবাসার প্রতিফলন। আমরা চাই, সমাজে সব স্তরের মানুষ একসঙ্গে কাজ করে দেশের উন্নয়নে ভূমিকা রাখুক।
দরিদ্র পরিবারের সদস্যরা ঢেউটিন পেয়ে খুবই খুশি হয়েছেন। তারা জানান, এই সহায়তা আমাদের জন্য অনেক বড় উপকার হয়েছে। আমরা দ্রুতই ঘরবাড়ি মেরামত করতে পারব এবং আমাদের পরিবারকে সুরক্ষিত রাখতে পারবো।
জেলা যুবলীগের অর্থ সম্পাদক কামরুল ইসলাম বলেন, আমরা সবসময়ই মানুষের পাশে থাকতে চাই। এই উদ্যোগ আমাদের সমাজের অন্যান্যদেরও এমন মানবিক কাজে অনুপ্রাণিত করবে।
উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ ও সমাজকর্মীরাও ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেন। এই মানবিক উদ্যোগে দরিদ্র মানুষের মুখে হাসি ফুটেছে এবং তাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
আজকের সিলেট/প্রতিনিধি/এসটি
ওসমানীনগর প্রতিনিধি 








