রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

কারখানা পরিদর্শনে অনিয়ম-অবহেলা বরদাশত করা হবে না: শ্রমমন্ত্রী

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১০/১০/২০২৬ ০২:৫১:৪৪ অপরাহ্ন

কারখানা পরিদর্শনে অনিয়ম-অবহেলা বরদাশত করা হবে না: শ্রমমন্ত্রী


শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা প্রভাব বিস্তার মেনে নেওয়া হবে না। কারখানা পরিদর্শনে কর্মকর্তাদের নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। নিরাপত্তাবিধি লঙ্ঘনের ঘটনা পাওয়া গেলে তা নথিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।

শনিবার নগরীর রোজ ভিউ হোটেলে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) শ্রম পরিদর্শকদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অনেক কারখানায় অগ্নিনির্গমন পথের অভাব, বৈদ্যুতিক ত্রুটি ও অগ্নিনির্বাপণ সরঞ্জাম ব্যবহারে প্রশিক্ষণের ঘাটতি রয়েছে। এসব সমস্যা দূর করতে নিয়মিত পরিদর্শনের পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তাবিষয়ক প্রশিক্ষণ দিতে হবে। কাঠামোগত, বৈদ্যুতিক ও অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষেত্রে লিঙ্গভিত্তিক সহিংসতা ও হয়রানি প্রতিরোধেও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি আরও বলেন, কোনো কারখানায় লাইসেন্সের ঘাটতি কিংবা নিরাপত্তাবিধি লঙ্ঘনের বিষয় নজরে এলে সংশ্লিষ্ট পরিদর্শকদের যথাযথভাবে তা নথিভুক্ত করতে হবে। প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। দুর্ঘটনায় একজন দক্ষ শ্রমিকের মৃত্যুতে শুধু তার পরিবার ক্ষতিগ্রস্ত হয় না, দেশের উৎপাদনশীলতা ও অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়ে।

কারখানা পরিদর্শনে বাধা দেওয়ার বিষয়ে সতর্ক করে আরিফুল হক চৌধুরী বলেন, দায়িত্ব পালনের সময় কোনো কর্মকর্তা বাধার মুখে পড়লে কিংবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অসহযোগিতার শিকার হলে বিষয়টি মন্ত্রণালয়কে জানাতে হবে। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। দায়িত্ব পালনে দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দেওয়া কর্মকর্তাদের উৎসাহিত করা হবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, শ্রমিকের মর্যাদা রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সরকারের অঙ্গীকার। এ জন্য শ্রম আইন যথাযথভাবে প্রয়োগ ও বাস্তবায়ন করতে হবে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কনভেনশন ১৫৫, ১৮৭ ও ১৯০ বাস্তবায়নের উদ্যোগ জোরদার করার পাশাপাশি সময়োপযোগী শ্রম পরিদর্শন নীতি প্রণয়ন ও বাস্তবায়নেও গুরুত্ব দিতে হবে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিকীর সভাপতিত্বে কর্মশালায় স্বাগত বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. শামসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বাংলাদেশের টেকনিক্যাল অফিসার ওলে জাস্টেনসেন এবং সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুকতাবিস উন নূর।

কর্মশালায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের সিলেট/এপি

সিলেটজুড়ে


মহানগর