হবিগঞ্জে পৃথক দুটি অভিযানে জব্দ ১৮৭ মেট্রিক টন ভারতীয় চিনি সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করেছে বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। পুলিশ বলছে, এ ঘটনায় গ্রেপ্তার ১৯ জনের সঙ্গে অজ্ঞাতপরিচয় আরও আসামিরা চিনির বৃহৎ চোরাচালানের সঙ্গে জড়িত জানা গেছে, তাদের খোঁজ করা হচ্ছে।
এদিকে, ১৮৭ মেট্রিক টন ভারতীয় চিনি জব্দের ঘটনায় জেলার শায়েস্তাগঞ্জ থানা ও বাহুবল মডেল থানায় দুটি মামলা করেছে পুলিশ। উভয়টিতেই অজ্ঞাত আসামি রাখা হয়েছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবীর বিষয়টি নিশ্চিত করে বলেন, চিনির বৃহৎ চোরাচালান সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করানোর পর ঢাকার দিকে নেওয়া হচ্ছিল। এমন গোপন খবরে গত বৃহস্পতিবার জেলার বাহুবল উপজেলার তিতারকোনা এলাকা থেকে ১১৪ মেট্রিক টনের চোরাচালান জব্দ করে হাইওয়ে পুলিশ। এ সময় ছয়জনকে গ্রেপ্তার ও চোরাই চিনি পরিবহনে ব্যবহৃত ছয়টি ট্রাক জব্দ করা হয়। পরে হাইওয়ে থানার সার্জেন্ট আল-মামুন গ্রেপ্তার ছয়জনের নামসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি রেখে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করেন।
একই দিন জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার দেউন্দি মোড়ে পাঁচটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৭৩ টন চিনিসহ আরও ১৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ১৩ জনসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে এ ঘটনায় মামলা দায়ের করেন শায়েস্তাগঞ্জ থানার এসআই আবুল কাশেম।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. মোবারক হোসেন বলেন, আসামিদের সবাইকে কারাগারে পাঠানো হয়েছে। এ চোরাচালানের পেছনে জড়িত অজ্ঞাত আসামিদের শনাক্ত করতে চেষ্টা চলছে।
আজকের সিলেট/ডি/এসটি









