ভারী বর্ষণের মধ্যেই ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সিলেটের প্রধান ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। ঈদগাহে মুল জামায়াত হলেও বৃষ্টির কারণে বেশিরভাগ মুসল্লিরা পার্শ্ববর্তী মসজিদে ঈদের জামাত আদায় করেছেন। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে জামাতে মুসল্লিদের অংশগ্রহণ কম হয়েছে এবার। আর টানা বৃষ্টির কারনে বিপাকে পড়েছেন কুরবানিদাতারা।
সোমবার সকাল ৮টায় অনুষ্ঠিত হওয়া জামাতে অংশগ্রহণ করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
জামায়াতে ইমামতি ও দোয়া পরিচালনা করেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি আবু হোরায়রা নোমান।
সোমবার ঈদের দিন ভোররাত ৪টা থেকে সিলেটে ভারী বর্ষণ হয়েছে। ইতোমধ্যে তলিয়ে গেছে মহানগরের অনেক এলাকা। রাস্তাঘাট ডুবে পানি ঢুকেছে অনেকেরই বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে।
ঈদের জামাতে সিলেট সিটি করপোরেশনের মেয়র মো.আনোয়ারুজ্জামান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও শ্রেণি পেশার লোকজন।
জানা যায়, ভারী বর্ষণে সিলেট মহানগরের এয়ারপোর্ট রোড তলিয়ে গেছে। এছাড়া অনেক সড়কে হাঁটু সমান পানি। এ অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন জলমগ্ন এলাকাগুলোর মানুষজন। অনেকেই ঈদের জামাতে যেতে পারেননি।
এদিকে, ঈদের দিন ভোররাত থেকে অবিরাম বৃষ্টির কারনে বিপাকে পড়েছেন কুরবানিদাতারা। অন্যান্য বছর ঈদ জামাতের পরপরই কুরবারিন কার্যক্রম শুরু করতে পারলেও এবারে বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে তা সম্ভব হয়নি। অপেক্ষা বৃষ্টি থামার।
তালতলা এলাকার বাসিন্দা সানাওর রহমান চৌধুরী বলেন, আমাদের বাসার নিচে পানি। আর অবিরাম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি না থামলে ও পানি না কমলে গরু কুরবানি দিতে পারবো না। অপেক্ষা করতে হচ্ছে।
আজকের সিলেট/এসটি
নিজস্ব প্রতিবেদক 








