মৌলভীবাজারে কুয়াশা আর হিমেল হাওয়ায় স্থবির জনজীবন
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩১ AM

মৌলভীবাজারে কুয়াশা আর হিমেল হাওয়ায় স্থবির জনজীবন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০১/২০২৪ ০১:৪৬:২৪ AM

মৌলভীবাজারে কুয়াশা আর হিমেল হাওয়ায় স্থবির জনজীবন


পর্যটন অধ্যুষিত মৌলভীবাজারে বেশ কয়েকদিন ধরে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে। দুপুরে উত্তাপহীন সূর্যের দেখা মিললেও বিকেলের আগেই তা আবার ঢেকে যাচ্ছে কুয়াশার চাদরে। সঙ্গে হিমেল হাওয়া। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ার বিরূপ আবহাওয়ায় নাকাল জনজীবন।

বুধবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

এদিকে, নিম্নবিত্ত, অস্বচ্ছল ও খেটে খাওয়া মানুষরা পড়েছেন বিপাকে। হাড় কাঁপানো তীব্র শীতে কাঁপছেন তারা। শীতের কারণে সময়মতো কাজে যোগ দিতে পারছেন না শ্রমজীবী মানুষজন। সীমাহীন দুর্ভোগে পড়েছেন বোরো চাষি, ছিন্নমূল ও দিনমজুররা।

রাজনগর উপজেলার কাউয়াদীঘি এলাকার কৃষক মনসুর মিয়া বলেন, হাড়কাঁপানো শীতে ক্ষেতে কাজ করতে বড় কষ্ট হচ্ছে। তবে যত কষ্টই হোক ক্ষেতে তো যেতে হবে, না গেলে খাব কি?

সকাল থেকেই কুয়াশা। এর মধ্যেই চা বাগানে পাতা তুলতে যান চা শ্রমিক নবারুণ কুর্মি। তিনি বলেন, এ সময় হাত-পা অবশ হয়ে আসে। তারপরও কাজ করতে হয় পরিবারের জন্য।

পৌর শহরে কথা হয় দিনমজুর মইন মিয়ার সঙ্গে। তিনি বলেন, গত দুইদিন ধরে বেশ ঠান্ডা পড়ায় কাজ পাই না।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ আবহাওয়া পর্যবেক্ষণাগার পর্যবেক্ষক মো. আনিসুর রহমান জানান, আজ সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল মঙ্গলবার তাপমাত্রা ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করার কথা জানান তিনি। তাপমাত্রা নিচে নামার কারণে চলতি সপ্তাহ থেকে জেলায় শীত পুরোপুরি শুরু হয়েছে। এমন আবহাওয়া আরও কয়েক দিন অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর