সিলেটের গোয়াইনঘাটে সংঘর্ষে এক যুবক খুন হয়েছেন। শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়ন খলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মন্নান (২৫) উপজেলার খলা গ্রামের কুদরত উল্লাহ'র পুত্র। একটি ছাগলকে কেন্দ্র করে সংঘর্ষ বাধলেেএ হত্যাকাণ্ড ঘটে।
স্থানীয় সংবাদসূত্র জানায়, একটি ছাগলকে কেন্দ্র করে শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ৬ টার দিকে পূর্ব আলীরগাঁও ইউনিয়নের খলাগ্রামের সাহেদ আহমদ ও পার্শ্ববর্তী নয়াখেল গ্রামের আব্দুল আলিমের মাঝে বাকবিতন্ডা হয়। এর ঘণ্টাখানেক পর সাহেদ ও আব্দুল আলিমের আত্মীয়-স্বজনেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় খলাগ্রামের শাহেদের পক্ষের আব্দুল মন্নানসহ ৭/৮জন এবং আব্দুল আলিমের পক্ষের ২ জন গুরুতর আহত হন।
স্থানীয় মুরুব্বিরা এসে সংঘর্ষ থামিয়ে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে আহত আব্দুল মান্নানের মৃত্যু ঘটে।
কোতো্য়ালি থানা পুলিশ নিহতের লাশের সুরতহাল রিপোর্ট লেখে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন- এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে এবং থানায় হত্যা মামলা প্রক্রিওয়াধীন রয়েছে।
আজকের সিলেট/বার্তা/কে.আর









