কোটা ব্যবস্থা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ডেকেছেন। জরুরি সেবার যানবাহন ও অফিস ছাড়া সব বন্ধ রাখতে আহ্বান জানিয়েছেন তারা। সিলেটে এ কর্মসূচির দিনে সকাল থেকে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক দেখা গেছে। তবে এখনো কোথাও শিক্ষার্থীদের অবস্থান করতে দেখা যায়নি।
পুলিশ বলছে- সিলেটে যান ও মানুষ চলাচল স্বাভাবিক রয়েছে এবং এছাড়া মানুষের জান-মালের নিরাপত্তার জন্য সতর্ক অবস্থানে রয়েছে পুলিশের।
অপরদিকে, পরিবহন সংগঠন জানিয়েছে- অনেক চালক ভয়ে বাস বা অন্যান্য গাড়ি নিয়ে সড়কে বের হননি। তবে দূর পাল্লার ও আঞ্চলিক সড়কের কিছু বাস চলাচল করছে।
এদিকে, শিক্ষার্থী আন্দোলনের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিনের বৃহস্পতিবার সকালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিশেষ টিম ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা ও মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ। এসময় শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিচ্ছে তারা।
দুই সপ্তাহ ধরে সিলেটসহ সারা দেশে চলছে সরকারি চাকরিতে নিয়োগে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থী আন্দোলন। প্রথমে আন্দোলন অহিংস থাকলেও রবিবার (১৪ জুলাই) রাত থেকে হঠাৎ উত্তপ্ত হয়ে উঠে সিলেট।
মঙ্গলবার (১৬ জুলাই) ৬ শিক্ষার্থীর মৃত্যুতে পরিস্থিতি আরও খারাপ হয়। বুধবার (১৭) জুলাই দিনভর সিলেট ছিল উত্তাল।
বিবৃতিতে বলা হয়, “শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করছি।”
দেশের সব প্রতিষ্ঠানকে কর্মসূচি সফল করতে আহ্বান জানিয়ে বলা হয়, “শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। সারা দেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি বৃহস্পতিবারের কর্মসূচি সফল করুন।”
আজকের সিলেট/ডি/এপি
নিজস্ব প্রতিবেদক 








