মৌলভীবাজারে বন্যায় ৩০০ কিলোমিটার সড়কের ক্ষতি
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:০১ AM

মৌলভীবাজারে বন্যায় ৩০০ কিলোমিটার সড়কের ক্ষতি

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৯/২০২৪ ০৯:২৩:২৫ AM

মৌলভীবাজারে বন্যায় ৩০০ কিলোমিটার সড়কের ক্ষতি


চলমান বন্যায় সিলেটে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মৌলভীবাজার জেলা। বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার সঙ্গে জেলায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। সেই সঙ্গে বেড়েছে মানুষের দুর্ভোগ। বেশ কয়েকটি সড়ক ভেঙে গেছে।

সড়ক ও জনপথ বিভাগের রাজনগর থেকে বালাগঞ্জ, জুড়ী-ফুলতলা, জুড়ী-লাটিঠিলা, মৌলভীবাজার-কুলাউড়া, মৌলভীবাজার-শমশেরনগর, কুলাউড়া-শমশেরনগর সড়ক ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বিভিন্ন গ্রামীণ ও আঞ্চলিক সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় এগুলো ভেঙে গেছে।

ক্ষতিগ্রস্ত অনেক সড়ক যানবাহন চলাচল অনুপযোগী হয়ে ওঠেছে। জেলায় প্রায় ৩০০ কিলোমিটারের সড়ক বন্যার পানিতে ভেঙে গেছে, সড়কে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। এসব সড়ক দিয়ে যানবাহন ও মানুষ চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন কয়েক লাখ মানুষ। দ্রুত সময়ে সড়কগুলো মেরামত করে যান চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এলজিইডি সূত্র জানা যায়, সাম্প্রতিক বন্যায় জেলার ২১০ কিলোমিটার পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে গেছে ৯টি সেতু ও কালভার্ট। এসব সড়ক ও সেতু মেরামত এবং পুনর্নির্মানে প্রায় ১৮০ কোটি টাকা প্রয়োজন। তবে এখনো পুরোপুরি হিসাব পাওয়া যায়নি, কারণ বিভিন্ন জায়গায় সড়কের ওপর এখনো পানি। কমলগঞ্জ, রাজনগর, কুলাউড়া উপজেলার গ্রামীণ ও আঞ্চলিক সড়ক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অন্যদিকে মৌলভীবাজার সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, জেলায় চলমান বন্যায় ৭৮ কিলোমিটার সড়ক, ৬টি কালভার্ট ও একটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। টাকার অংকে ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে সম্পূর্ণভাবে পানি নেমে গেলে ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে, চলমান বন্যার আগে মে-জুন মাসে পরপর তিন দফা বন্যা কবলে পড়ে সিলেট-সুনামগঞ্জ। তখন সিলেটের সড়ক যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। ২০২২ এর ক্ষত শুকানোর আগেই ভেঙ্গে যায় অসংখ্য সড়ক। সেসময় ক্ষয়ক্ষতি হাজার কোটি ছাড়িয়ে যায় বলে জানা গিয়েছিলো।

যদিও এখনো সেই সড়কগুলোর ক্ষত সেরে উঠেনি রাজনৈতিক অস্থিরতা ও পটপরিবর্তনের কারণে। কবে সেরে উঠবে তা নিয়েও আছে প্রশ্ন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর