'এমসি কলেজের ঘটনার দায়ও শিবিরের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে'
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪৮ PM

'এমসি কলেজের ঘটনার দায়ও শিবিরের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে'

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১/০২/২০২৫ ০৫:৩৮:২১ AM

'এমসি কলেজের ঘটনার দায়ও শিবিরের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে'


এমসি কলেজের ঘটনার দায়ও শিবিরের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরের সভাপতি শাহীন আহমদ।

শুক্রবার বাদ জুমা সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ কথা বলেন তিনি।

শিবির নেতা শাহিন আহমদ বলেন, ‘কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদল সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। পরে সেই নৃশংস ঘটনার দায় ছাত্রশিবিরের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে দায় চাপানোর একটি রাজনীতি চলছে। সেই আলোকে এমসি কলেজের একটি তুচ্ছ ঘটনার দায়ও ছাত্রশিবিরের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘এমসি কলেজের ঘটনাটি ছিল তালামীযের একজন কর্মীর সঙ্গে বৈষম্যবিরোধী একজন ছাত্রের ব্যক্তিগত দ্বন্দ্ব। সেখান থেকে তাদের হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে ছাত্রশিবিরের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। কিন্তু আসল ঘটনাটির দিকে কোনো খেয়াল না রেখে তথ্যপ্রমাণ ছাড়াই নির্লজ্জভাবে একটি মহল ছাত্রশিবিরের ওপর চাপিয়ে দিয়েছে।’

হুঁশিয়ারি উচ্চারণ করে শিবির সভাপতি শাহিন আহমদ বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশে আর দায় চাপানোর রাজনীতি চলবে না। গতকাল তামিরুল মিল্লাত কামিল মাদরাসার একজন ছাত্রের ওপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা চালিয়েছে। কীসের জন্য এই হামলা করা হয়? আধিপত্য প্রতিষ্ঠার জন্য? এগুলো বাংলাদেশের রাজনীতিতে আর চলবে না। সুষ্ঠু রাজনীতিতে চলে আসুন। আমরা দেশের প্রতিটি ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে চাই।’

বিগত দিনগুলোতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেগুলোর সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে শাহিন বলেন, ‘নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে যারা দোষী সাব্যস্ত হবেন, তাদের শাস্তির আওতায় আনতে হবে। ফ্যাসিস্ট সরকার পরিবর্তনের পর এই বাংলাদেশকে আবারও ফ্যাসিবাদের দিকে নিয়ে যাওয়ার লক্ষ্যে একটি মহল উঠেপড়ে লেগেছে। এটা আর চলতে দেওয়া হবে না।’

বিক্ষোভ সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর সেক্রেটারি শহিদুল ইসলাম সাজুসহ নেতাকর্মীরা।

এর আগে গত বুধবার রাতে এমসি কলেজ ছাত্রাবাসে আনজুমানে তালামীযে ইসলামীয়া নামের একটি রাজনৈতিকে সংগঠনের ছাত্রনেতা মিজানুর রহমান রিয়াদকে রড দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে ছাত্রশিবিরের বিরুদ্ধে। এ ঘটনায় আহত শিক্ষার্থী সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।

আহত মিজানুর রহমান রিয়াদ এমসি কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি তালামীযের এমসি কলেজ শাখার সহ-তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর