ওসমানী বিমানবন্দরে কাপড়ে গলানো স্বর্ণ উদ্ধার
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৪৯ PM

ওসমানী বিমানবন্দরে কাপড়ে গলানো স্বর্ণ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২৫/০৪/২০২৫ ১২:৫৭:১১ PM

ওসমানী বিমানবন্দরে কাপড়ে গলানো স্বর্ণ উদ্ধার


সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অভিনব পন্থায় শুল্ক ফাঁকি দিয়ে দুবাই থেকে নিয়ে আসা স্বর্ণের চালান জব্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় আলীম উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে। আটককৃত আলীম গোয়াইনঘাট উপজেলার গহরা গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।

শুক্রবার সকাল ১০টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের এক যাত্রীর পরিধানের কাপড়ে গলানো এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

ওসমানী বিমানবন্দরে কর্মরত গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানান, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের এক যাত্রীকে তল্লাশিকালে স্বর্ণের চালান জব্দ করে এনএসআই ও কাস্টমস কর্তৃপক্ষ। আটক ব্যক্তি অভিন্ন পদ্ধতিতে স্বর্ণকে গলিয়ে তার পরিধানের কাপড়ে (শার্ট ও প্যান্ট) করে দুবাই থেকে ওসমানী বিমানবন্দরে নিয়ে এসেছিলেন। এই ঘটনায় জব্দকৃত স্বর্ণের পরিমান এখনো নির্ধারণ করা যায়নি। তবে ধারণা করা হচ্ছে স্বর্ণগুলোর দাম কোটি টাকার ওপরে হতে পারে।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ২৭ অক্টোবর সকাল সাড়ে ১০টায় আবুধাবি থেকে ছেড়ে আসা বিমানের একটি ফ্লাইটের (বিজি-২২৮) এক যাত্রীর জ্যাকেট ও আন্ডারওয়্যার থেকে একই কায়দায় আনা স্বর্ণের চালান জব্দ করেছিল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্মকর্তারা।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর