রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

সোমবার উদ্বোধন, ৫০ কোটি টাকায় সাজানো ওসমানী উদ্যান খুলছে সবার জন্য

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮/১০/২০২৬ ১০:১৮:৪৫ পূর্বাহ্ন

সোমবার উদ্বোধন, ৫০ কোটি টাকায় সাজানো ওসমানী উদ্যান খুলছে সবার জন্য


প্রায় ১০ বছর বন্ধ থাকার পর রাজধানীর ঐতিহাসিক ওসমানী উদ্যান আবারও নগরবাসীর জন্য খুলে দেওয়া হচ্ছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই উদ্যানের আধুনিকায়ন কাজ এবং নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৭ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাঠানো এক চিঠিতে উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়টি জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।

উদ্যানটির আধুনিকায়ন ও স্মৃতিস্তম্ভ নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৫০ কোটি টাকা। উদ্বোধন ও সুধী সমাবেশ শেষে একই দিন উদ্যানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

সম্প্রতি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর ওসমানী উদ্যানকে নতুনভাবে সাজিয়ে জনসাধারণের ব্যবহারের উপযোগী করা হয়েছে। সেখানে হাঁটাচলা, অবসর কাটানো এবং পরিবার-পরিজন নিয়ে সময় কাটানোর সুযোগ থাকবে।

জুলাইয়ের শহীদ ও বীর যোদ্ধাদের স্মৃতি ধরে রাখতে উদ্যানে নির্মাণ করা হয়েছে বিশেষ ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। এর মাধ্যমে দর্শনার্থীরা জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান এবং শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করতে পারবেন।

সচিবালয়-সংলগ্ন গুরুত্বপূর্ণ এই উদ্যানের আধুনিকায়নে যুক্ত করা হয়েছে হাঁটার পথ, রেস্তোরাঁ, আধুনিক লাইব্রেরি ও শিশুদের জন্য নির্ধারিত খেলার জায়গা। পাশাপাশি রয়েছে কৃত্রিম পানির ফোয়ারা ও মনোরম জলধারা। এসব সুবিধার মাধ্যমে উদ্যানটিকে নগরবাসীর অবসর বিনোদন ও সময় কাটানোর উপযোগী করে গড়ে তোলা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর