একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ইনস্টাগ্রাম পেজে দুই অভিনেত্রীর বিকৃত ও আপত্তিকর ভিডিও প্রকাশের ঘটনায় ক্ষোভ জানিয়েছেন অভিনেত্রী পরীমণি। চ্যানেলটির দুঃখ প্রকাশকে যথেষ্ট মনে করছেন না তিনি। তাঁর অভিযোগ, এ ঘটনার কারণে ব্যক্তিগত জীবন, মানসিক শান্তি ও কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সম্প্রতি চ্যানেলটির ইনস্টাগ্রাম পেজে দেশের দুই অভিনেত্রীর এমন দুটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওগুলো দেখেই নেটিজেনদের অনেকে ধারণা করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সেগুলো তৈরি করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। প্রায় ১১ ঘণ্টা ভিডিও দুটি পেজে থাকার পর সেগুলো সরিয়ে নেয় চ্যানেলটি। একই সঙ্গে দুঃখ প্রকাশ করে দাবি করা হয়, হ্যাকাররা পেজটি নিয়ন্ত্রণে নিয়ে ভিডিওগুলো প্রকাশ করেছিল।
ওই ভিডিওর শিকার দুই অভিনেত্রীর একজন পরীমণি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে চ্যানেলটির প্রতিক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
চ্যানেলটির নাম উল্লেখ করে পরীমণি লেখেন, ‘আপনাদের এই জাস্ট একটা ফটো কার্ডের দুঃখ প্রকাশ কোনো কাজে দিচ্ছে না একদমই।’
ভিডিও প্রকাশের পর নিজের স্বাভাবিক জীবনযাপনেও সমস্যার মুখে পড়ছেন বলে অভিযোগ করেন এই অভিনেত্রী। তিনি লেখেন, ‘এই যে আমার স্বাভাবিক জীবনটা এইভাবে আবার দুর্বিষহ করে দিয়েছেন এর সম্পূর্ণ দায়ভার আপনাদের। আমি সোশ্যাল মিডিয়ায় কোনোরকম কোনো পোস্ট করতে পারছি না। (হোক সেটা আমার কাজের বা আমার ব্যক্তিগত) এমনকি আমার বাচ্চাদের ছবিও বাদ যাচ্ছে না হাজার হাজার হেটিং কমেন্টস থেকে।’
এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তুলেছেন পরীমণি। তাঁর ভাষায়, ‘কী করব বলেন এবার। আমার জীবনের মানসিক শান্তি নষ্ট করে দিলেন! আমার কাজ নষ্ট করে দিলেন। এরপর কি বাকি থাকল আর। আপনারা বলেছেন অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবেন। আর কবে আনবেন সেটা। আমার কাছে অপরাধী তো এখন আপনারা।’
এর আগে শুক্রবার রাতে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসেও এ ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন পরীমণি। পরে অবশ্য লাইভটি মুছে দেন তিনি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে আবারও নিজের অসন্তোষের কথা জানালেন অভিনেত্রী।
আজকের সিলেট/ জেকেএস
বিনোদন ডেস্ক 








