রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন

বাহুবলে অনুমোদন ছাড়াই বাণিজ্য মেলার প্রস্তুতি, আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৮/১০/২০২৬ ০৯:৫৩:৩৯ পূর্বাহ্ন

বাহুবলে অনুমোদন ছাড়াই বাণিজ্য মেলার প্রস্তুতি, আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ


হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুরে প্রশাসনের অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার আয়োজনের প্রস্তুতি চলছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে দোকানপাট ও বিভিন্ন স্থাপনা তৈরির কাজ চললেও আয়োজকদের পরিচয় এবং মেলা পরিচালনার পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

স্থানীয়দের দাবি, ঢাকার এক ব্যক্তি এ মেলার আয়োজন করছেন। তবে তাঁর নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, বাহুবলে কোনো বাণিজ্য মেলা আয়োজনের অনুমোদন দেওয়া হয়নি। উপজেলা প্রশাসনের অফিসিয়াল ফেসবুক আইডিতে প্রকাশিত সতর্কবার্তায় বলা হয়েছে, কেউ বাণিজ্য মেলার আয়োজনের চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

তবে সরেজমিনে দেখা গেছে, উপজেলার ব্যস্ততম এলাকা মিরপুরে মেলার জন্য দোকানপাট ও বিভিন্ন স্থাপনা তৈরির প্রস্তুতি চলছে। প্রশাসনের অনুমোদন না থাকার তথ্যের মধ্যেও এসব কার্যক্রম চলতে থাকায় স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন স্থানীয় উলামায়ে কেরামও। বাহুবল উপজেলা খাদিমুল কোরআন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই বাহুবলী জানান, তাঁরা ইতিমধ্যে বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন।

মিরপুর তরুণ ওলামা পরিষদের সভাপতি মাওলানা মনিরুল ইসলাম মোস্তাক বলেন, “বাণিজ্য মেলার নামে এখানে কেউ নাচ-গান বা জুয়ার আসর বসানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে।”

স্থানীয়দের আশঙ্কা, শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে এ ধরনের আয়োজন হলে শিক্ষার্থীদের চলাচল, যানজট, শব্দদূষণ ও সার্বিক নিরাপত্তার ওপর প্রভাব পড়তে পারে। মেলার আয়োজনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কাও করছেন তাঁরা।

উপজেলা প্রশাসনের সতর্কবার্তার পরও মেলার প্রস্তুতি অব্যাহত থাকলে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।

এ বিষয়ে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন তালুকদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে থানা সূত্র জানিয়েছে, বাহুবলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর