রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

ভারতীয় বিমানের ওপর আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮/১০/২০২৬ ০৯:৪৬:০০ পূর্বাহ্ন

ভারতীয় বিমানের ওপর আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান


ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের নিষেধাজ্ঞা আগামী ২৪ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে পাকিস্তান। শনিবার (১৭ অক্টোবর) পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের (পিএএ) জারি করা নোটিশ টু এয়ারমেন (নোটাম) থেকে এ তথ্য জানা গেছে।

পিএএর এক মুখপাত্র জানান, বর্ধিত নিষেধাজ্ঞা আগামী ২৪ নভেম্বর ভোর ৫টা পর্যন্ত কার্যকর থাকবে। এ খবর জানিয়েছে জিও নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ২৩ এপ্রিল প্রথম ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। সর্বশেষ মেয়াদ বাড়ানোর ফলে গত বছর থেকে চালু থাকা এ নিষেধাজ্ঞা বহাল থাকছে।

ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হামলার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। ওই হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ তোলে ভারত। তবে ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানায়। পরবর্তী সময়ে দুই দেশের কূটনৈতিক ও সামরিক উত্তেজনা বাড়লে ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান।

পাকিস্তানের সিদ্ধান্তের পাল্টা পদক্ষেপ হিসেবে ২০২৫ সালের ৩০ এপ্রিল পাকিস্তানি এয়ারলাইনসের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে ভারত।

এরপর ওই বছরের ৬ ও ৭ মে পাকিস্তানের কয়েকটি শহরে হামলা চালায় ভারত। এর জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ানুম মারসুস’ শুরু করে। দেশটির দাবি অনুযায়ী, বড় পরিসরের পাল্টা অভিযানে ভারতের একাধিক সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়।

সংঘাত চলাকালে পাকিস্তান দাবি করে, তারা তিনটি রাফায়েল যুদ্ধবিমানসহ ভারতের আটটি যুদ্ধবিমান এবং কয়েক ডজন ড্রোন ভূপাতিত করেছে।

প্রায় ৮৭ ঘণ্টা ধরে চলা সংঘাতের পর ২০২৫ সালের ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় পারমাণবিক অস্ত্রধারী দুই দেশ।

আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার ফলে ভারতের বিমান চলাচল খাতে তুলনামূলক বেশি আর্থিক প্রভাব পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, পাকিস্তানের বিমান চলাচল খাতে এর প্রভাব তুলনামূলকভাবে কম ছিল।

এর আগেও বিভিন্ন সময়ে ভারতীয় বিমানের জন্য একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান। ১৯৯৯ সালের কারগিল সংঘাত এবং ২০১৯ সালের পুলওয়ামা সংকটের সময়ও এমন পদক্ষেপ নেওয়া হয়েছিল। ওই ঘটনাগুলোতেও পাকিস্তানি বিমান সংস্থার তুলনায় ভারতীয় এয়ারলাইনসগুলো বেশি পরিচালনাগত চ্যালেঞ্জের মুখে পড়েছিল।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর