২০১২ থেকে ২০১৮ পর্যন্ত এশিয়া কাপের চার আসরের তিনটিতে ফাইনাল খেলেছে বাংলাদেশ। আর ওই তিনবারই তাদের যাত্রা থেমেছে রানার্স-আপ হয়ে। তবে আফগানিস্তানের প্রধান কোচ জনাথন ট্রটের ধারণা ছিল, একাধিকবার এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। তাই সংবাদ সম্মেলনে সত্যটা জানতে পেরে বিস্ময় লুকাননি ইংল্যান্ডের সাবেক ব্যাটার।
আবু ধাবির জায়েদ আন্তর্জাতিক স্টেডিয়ামে মঙ্গলবার ‘বি’ গ্রুপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও বাংলাদেশ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশকে নিয়ে বেশ সমীহই দেখান আফগানিস্তানের প্রধান কোচ।
প্রশ্নোত্তরের এক পর্যায়ে তার কাছে জানতে চাওয়া হয়, সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের কাছে বাংলাদেশের হার, চলতি এশিয়া কাপেও দুই ম্যাচে একটি হারের পর এখন ডু অর ডাই অবস্থায় আছে বাংলাদেশ। এটি কীভাবে দেখছেন ট্রট।
এই প্রশ্নের উত্তরেই বাংলাদেশের একাধিক এশিয়া কাপ জেতার ধারণার কথা প্রকাশ করেন আফগান কোচ।
হ্যাঁ অবশ্যই (তাদের জন্য বাঁচা-মরার লড়াই)। তবে আপনি যদি ইতিহাস দেখেন, তারা কয়েক বার এই টুর্নামেন্ট জিতেছে, এশিয়া কাপ।”
উত্তরের মাঝেই প্রশ্নকর্তা তাৎক্ষণিক ট্রটের ভুল শুধরে দিয়ে বলেন, বাংলাদেশ ফাইনাল খেলেছে শুধু। কখনও চ্যাম্পিয়ন হয়নি। তখনই মূলত বিস্ময় প্রকাশ করেন ট্রট।
“শুধু ফাইনাল খেলেছে! কখনও চ্যাম্পিয়ন হয়নি? আমার মনে হয়, তারা পঞ্চাশ ওভারের (ওয়ানডে) এশিয়া কাপ জিতেছে। আপনি কি নিশ্চিত? আপনি কি আবার চেক করে দেখবেন? আবার চেক করে দেখুন প্লিজ।”
প্রশ্নকর্তা তখন বেশ জোর দিয়ে বলেন, একাধিকবার ফাইনাল খেলেছে বাংলাদেশ। তবে কখনও জিততে পারেনি। এরপর মেনে নেন ট্রট,
‘ওহ আচ্ছা! ঠিক আছে। আমি মনে করেছিলাম, তারা এশিয়া কাপ জিতেছে।”
এরপর বাংলাদেশের প্রশংসাও করেন ট্রট।
“বাংলাদেশ দলে বেশ কয়েকজন সত্যিকারের ম্যাচ উইনার আছে। তাই আমার কাছে এই ম্যাচটি বেশ কঠিন এক পরীক্ষা। কিছু দিন বিরতি পাওয়ায় আমি খুশি। অত্যধিক গরমে প্রথম ম্যাচ খেলার পর এখন আমরা মানসিকভাবে, শারীরিকভাবে সতেজ আছি।”
গত ৯ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচ খেলেছে আফগানিস্তান। প্রায় এক সপ্তাহ বিরতি দিয়ে তারা দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে। লম্বা এই বিরতিটি সামনের দিনের জন্য খুব কাজে দেবে বললেন আফগান কোচ।
“আমার কাছে এটি ভালো সুযোগ ছিল, পুনরায় তরতাজা হওয়ার। আবার মাঠে নেমে কালকে জয় দিয়ে পরের রাউন্ডের উঠতে পারলে, সামনে অল্প সময়ের মধ্যে আরও কিছু ম্যাচ খেলতে হবে। কালকে আমরা ভালো খেলতে পারলে, সূচি আমাদের নিয়ন্ত্রণেই থাকবে।”
মঙ্গলবারের ম্যাচটি দুই দলের জন্যই অনেক গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে টিকে থাকতে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। আফগানিস্তানও হেরে গেলে শঙ্কায় পড়ে যাবে তাদের সুপার ফোরের টিকেট।
আজকের সিলেট/এপি
ক্রীড়া ডেস্ক 








