ইসরায়েলের অব্যাহত বর্বর হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪২ জন।
এক বিবৃতিতে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সর্বশেষ হতাহতের ঘটনার পর প্রায় দুই বছর ধরে চলমান ইসরায়েলি অভিযানে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ হাজার ৫৪৯ জনে এবং আহতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৫১৮।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে বহু মরদেহ চাপা পড়ে আছে। পর্যাপ্ত লোকবল ও সরঞ্জামের অভাবে সেগুলো উদ্ধার সম্ভব হচ্ছে না।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে, গত ২৭ মে থেকে যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও নিয়মিত হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা। শুক্রবার ত্রাণ নিতে গিয়ে আরও পাঁচ ফিলিস্তিনি নিহত ও ৩৩ জন আহত হন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে অতর্কিত হামলা চালায়। ওই ঘটনায় ১ হাজার ২০০ জন নিহত ও ২৫১ জনকে জিম্মি করা হয়। এর জবাবে গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও অব্যাহত রয়েছে।
গাজায় এই সামরিক অভিযান অব্যাহত রাখার কারণে গত নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। একই সঙ্গে জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
আজকের সিলেট/ডি/এসটি
আন্তর্জাতিক ডেস্ক 








