সিলেটে হামে মৃত্যু ১৮২, নিশ্চিত রোগী ছাড়াল এক হাজার
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩২ PM

সিলেটে হামে মৃত্যু ১৮২, নিশ্চিত রোগী ছাড়াল এক হাজার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৪/১০/২০২৬ ০১:০৫:৫২ PM

সিলেটে হামে মৃত্যু ১৮২, নিশ্চিত রোগী ছাড়াল এক হাজার


সিলেট বিভাগে হামের সংক্রমণ ও প্রাণহানি অব্যাহত রয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে রোববার পর্যন্ত বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জনে। একই সময়ে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮২ জন।

রোববার সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, এ সময়ে সিলেট জেলায় ৪০৮ জন, হবিগঞ্জে ১৫৮ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হবিগঞ্জে শনাক্ত রোগীদের মধ্যে দুজন রুবেলায় আক্রান্ত।

সংক্রমণের পাশাপাশি হাসপাতালে সন্দেহজনক হাম রোগীর চাপও রয়েছে। রোববার নতুন করে ১২৭ জন সন্দেহজনক হাম রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫১ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১১ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৫ জন, বিয়ানীবাজারে ৬ জন, কোম্পানীগঞ্জে ১ জন, বিশ্বনাথে ৪ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন ভর্তি হয়েছেন।

সব মিলিয়ে বর্তমানে বিভাগের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ৬০৭ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে সবচেয়ে বেশি রোগী রয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩০৫ জন। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১৩৪ জন।

এ ছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৫ জন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৭ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসা নিচ্ছেন।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সন্দেহজনক হামে নতুন করে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তবে বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিভাগে মৃত্যু হয়েছে ১৮২ জনের। এর মধ্যে ১৭২ জন ছিলেন সন্দেহজনক এবং ১০ জন নিশ্চিত হাম রোগী।

জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে সিলেটে। জেলাটিতে মোট ৭৩ জনের মৃত্যু হয়েছে; তাদের মধ্যে ৬৯ জন সন্দেহজনক এবং ৪ জন নিশ্চিত হাম রোগী।

সুনামগঞ্জে মারা গেছেন ৬৬ জন। তাদের মধ্যে ৬৫ জন সন্দেহজনক এবং একজন নিশ্চিত হাম রোগী ছিলেন। হবিগঞ্জে মৃত্যু হয়েছে ২৮ জনের যাদের ২৪ জন সন্দেহজনক এবং ৪ জন নিশ্চিত হাম রোগী। আর মৌলভীবাজারে মারা গেছেন ১৫ জন; তাদের মধ্যে ১৪ জন সন্দেহজনক এবং একজন নিশ্চিত হাম রোগী ছিলেন।

নতুন সংক্রমণ, হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা এবং চলতি বছরে প্রাণহানির হিসাব—সব মিলিয়ে সিলেট বিভাগে হাম পরিস্থিতি নিয়ে উদ্বেগ অব্যাহত রয়েছে।

আজকের সিলেট/ জেকেএস

সিলেটজুড়ে


মহানগর