সিলেট-৬ আসনে নতুন ইতিহাসের অপেক্ষায় সাবিনা-আদিবা
শনিবার, ২৩ মে ২০২৬, ০৭:২৭ PM

সিলেট-৬ আসনে নতুন ইতিহাসের অপেক্ষায় সাবিনা-আদিবা

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১০/২০২৫ ০৪:০৯:০৮ PM

সিলেট-৬ আসনে নতুন ইতিহাসের অপেক্ষায় সাবিনা-আদিবা


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এগিয়ে আছেন দুই নারী নেত্রী- সৈয়দা আদিবা হোসেন ও সাবিনা খান পপি। তৃণমূলে এই দুই নেত্রীর প্রচার, গণসংযোগ ও সাংগঠনিক তৎপরতা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

প্রয়াত দুই প্রভাবশালী বিএনপি নেতা-সিলেট-৬ আসনের দুইবারের সাবেক এমপি ও শিল্পপতি সৈয়দ মকবুল হোসেনের কন্যা সৈয়দা আদিবা হোসেন এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রয়াত কমর উদ্দিনের কন্যা সাবিনা খান পপি। স্থানীয় পর্যায়ে বিএনপির রাজনীতির ধারক দুই পরিবার থেকে উঠে আসা প্রয়াত দুই নেতার উত্তরসূরি হিসেবে দুজন'ই নিজেদের অবস্থান তৈরি করেছেন তৃণমূলে।

তাদের মধ্যে যে কেউ নির্বাচিত হলে, এই আসনে প্রথমবারের মতো নারী এমপি হিসেবে ইতিহাস সৃষ্টি করবেন।

গত কয়েক মাস ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা প্রচারে মাঠে সরব রয়েছেন তারা।

বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে তাদের সভা-সমাবেশে কর্মী ও জনসমর্থনের উপস্থিতি নজর কাড়ছে।

স্থানীয়রা বলছেন, তাঁদের বাবাদের উন্নয়নমূলক কর্মকাণ্ডের উত্তরাধিকারকে ধারণ করেই তৃণমূলে নিজেদের অবস্থান সুদৃঢ় করেছেন আদিবা ও সাবিনা।

সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল বলেন, দলের গণতান্ত্রিক সংস্কৃতির প্রতিফলনই দেখা যায় এই দুই নেত্রীর প্রতিদ্বন্দ্বিতায়। তারা দলীয় সম্পদ, দলের শক্তি।

অন্যদিকে, জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ মনে করেন, গত এক বছরে মাঠে তাদের উপস্থিতি দলকে প্রাণবন্ত করেছে।

মনোনয়ন প্রত্যাশি সৈয়দা আদিবা বলেন, মানুষের জন্য কাজ করাই রাজনীতির মূল উদ্দেশ্য। বাবা যেভাবে মানুষের হৃদয়ে ছিলেন, আমি সে ঐতিহ্য ধরে রাখতে চাই।

অন্যদিকে মনোনয়ন প্রত্যাশি আরেক নেত্রী সাবিনা খান পপি বলেন, বিএনপির রাজনীতির মাধ্যমে তার বাবা মানুষের নেতা হয়েছেন। আমিও সেই পথকে অনুসরণ করে তাদের আগলে নিতে চাই। প্রবাসের জীবন ছেড়ে দেশে ফিরে মানুষের পাশে থাকতে চাই। বিএনপির পতাকা তলে মানুষকে ঐক্যবদ্ধ করাই আমার লক্ষ্য।

আলোচনার সময় দুই নেত্রী এক'ই কথা বলেন, এই আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

আজকের সিলেট/এপি/প্রতিনিধি

সিলেটজুড়ে


মহানগর