সীমান্তপথে অবৈধ অস্ত্র, মাদক ও চোরাচালানি পণ্য প্রবেশ ঠেকাতে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ভারতীয় একটি একনলা ও একটি দুইনলা শটগান, পাঁচ রাউন্ড গুলি, ১৪৪ বোতল ভারতীয় মদ এবং প্রায় ১৯ লাখ টাকা মূল্যের বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান পরিচালনা করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ব্যাটালিয়নের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ।
বিজিবি জানায়, ব্যাটালিয়নের একটি আভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রতাপপুর সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় একটি একনলা শটগান, একটি দুইনলা শটগান, পাঁচ রাউন্ড গুলি ও ১৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
এ ছাড়া সীমান্তবর্তী অন্যান্য এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ টাকা। জব্দ করা মালামালের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।
সংবাদ সম্মেলনে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ বলেন, ‘গত তিন মাসে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তে অভিযান পরিচালনা করে ১ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের মাদকসহ সর্বমোট ৪১ কোটি ২ লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে। এ ছাড়া চলতি বছরে ছয়টি এয়ার রাইফেল, তিনটি শটগান এবং ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘সিলেট সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে ৪৮ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম সর্বাত্মকভাবে অব্যাহত থাকবে।’
আজকের সিলেট/ জেকেএস









