সিলেটের কানাইঘাটে ‘শেখ হাসিনা ফিরবে’সহ বিভিন্ন স্লোগানে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার গাছবাড়ি বাজার এলাকায় এ মিছিল বের করা হয়। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও কাউকে আটক করতে পারেনি।
জানা গেছে, আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে সামনে রেখে গাছবাড়ি বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী অংশ নেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, গাছবাড়ি আইডিয়্যাল কলেজে অধ্যয়নরত কয়েকজন ছাত্রলীগ কর্মী এবং তাঁদের সঙ্গে থাকা অন্য কয়েকজন একটি কমিউনিটি সেন্টার থেকে বের হয়ে আকস্মিকভাবে মিছিল শুরু করেন। প্রায় চার থেকে পাঁচ মিনিট স্থায়ী এ মিছিলে অংশগ্রহণকারীরা ‘শেখ হাসিনা ফিরবে’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে দ্রুতই মিছিলটি শেষ হয়।
মিছিলের খবর পেয়ে কানাইঘাট থানা-পুলিশ গাছবাড়ি বাজারে পৌঁছায়। তবে ততক্ষণে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা সরে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায় নি। মিছিলে জড়িতের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা দায়ের করা হয় নি।’
আজকের সিলেট/ জেকেএস
কানাইঘাট প্রতিনিধি 








