শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

রাশিয়ান হাউসে বাংলাদেশের পতাকা প্রত্যর্পণ

আজকের সিলেট ডেস্ক

প্রকাশিত: ০৬/১১/২০২৬ ০৯:১৮:৫৭ পূর্বাহ্ন

রাশিয়ান হাউসে বাংলাদেশের পতাকা প্রত্যর্পণ


ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুস সফলভাবে আরোহণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ অভিযান। ঐতিহাসিক এ অভিযানে চূড়ায় উত্তোলন করা বাংলাদেশের জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত রাশিয়ান হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে পতাকাটি প্রত্যর্পণ করা হয়। এ উপলক্ষে সংবাদ সম্মেলন ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ভিডিও বার্তা দেন রাশিয়ান হাউস ইন ঢাকার পরিচালক আলেকজান্দ্রা খ্লেভনয় এবং আইইউসিএন ন্যাশনাল কমিটি ও প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।

এতে বক্তব্য দেন বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি ড. নিয়াজ আবদুর রহমান, আইইউসিএন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সীমান্ত দীপু, জ্যাপ’র এডিটোরিয়াল কনসালট্যান্ট আকুয়েব সাফওয়ান জাসের এবং বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের প্রতিষ্ঠাতা এনাম উল হক।

এভারেস্টজয়ী ও মাউন্ট এলব্রুস আরোহণকারী পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল অনুষ্ঠানে তার অভিযানের অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি অভিযানের বিভিন্ন পর্যায়ের ওপর একটি বিশেষ স্লাইড প্রদর্শনী উপস্থাপন করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মাউন্ট এলব্রুসের চূড়ায় উত্তোলন করা বাংলাদেশের জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ।

২৬ সেপ্টেম্বর রাশিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসের চূড়ায় সফলভাবে আরোহণ করেন ইকরামুল হাসান শাকিল। ২৫ সেপ্টেম্বর ভোরে চূড়ায় পৌঁছানোর পরিকল্পনা থাকলেও প্রতিকূল আবহাওয়ার কারণে অভিযান পিছিয়ে যায়। এর আগে টানা দুই দিনের তুষারপাতের ফলে চূড়ায় ওঠার পথও দুর্গম হয়ে পড়ে।

তীব্র তুষারপাত, হিমশীতল ঝোড়ো হাওয়া ও সীমিত দৃশ্যমানতার মতো প্রতিকূলতা সত্ত্বেও শাকিল তার সহযোগী পর্বতারোহী উইং নাম লিউ (হেদার) এবং গাইড অ্যালেক্সকে নিয়ে অভিযান অব্যাহত রাখেন। সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত তারা তিনজন একসঙ্গে মাউন্ট এলব্রুসের চূড়ায় পৌঁছান এবং সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।

বাংলাদেশ ও রাশিয়ার বন্ধুত্বের প্রতীক হিসেবে আয়োজিত এ অভিযানের যৌথ আয়োজক ছিল রাশিয়ান হাউস ইন ঢাকা ও বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। এতে পৃষ্ঠপোষকতা করে টার্কিশ এয়ারলাইন্স, জ্যাপ, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন এবং আলিয়া শিপিং লিমিটেড। সহযোগিতায় ছিল জাতিসংঘের স্বেচ্ছাসেবী সংস্থা ইউএন ভলান্টিয়ার্স।

১১ সেপ্টেম্বর বাংলাদেশ-রাশিয়া ফ্রেন্ডশিপ অভিযানের অংশ হিসেবে ঢাকার রাশিয়ান হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ইকরামুল হাসান শাকিলের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা তুলে দেওয়া হয়। পরে ১৯ সেপ্টেম্বর তিনি অভিযানে অংশ নিতে রাশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

আজকের সিলেট/ডি/এসটি

সিলেটজুড়ে


মহানগর