বিয়ানীবাজারে এক প্রতিবন্ধী মোটরসাইকেল চালকের ওপর সংঘবদ্ধ হেনস্তা ও গণপিটুনির ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিয়ানীবাজার মানব কল্যাণ সংস্থা ও বিয়ানীবাজার প্রতিবন্ধী উন্নয়ন কল্যাণ সংস্থা।
রোববার বাদ আছর বিয়ানীবাজার পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মুখে এ মানববন্ধনে সংগঠনগুলোর নেতৃবৃন্দ, স্থানীয় সচেতন নাগরিক, বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
সম্প্রতি বিয়ানীবাজার উপজেলার উত্তরবাজার এলাকায় পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে ভিক টিম প্রতিবন্ধী মোটরসাইকেল চালক সংঘবদ্ধভাবে হেনস্তা ও গণপিটুনির শিকার হন। তিনি উপজেলার ১০ নং মুড়িয়া ইউনিয়নের ছোটদেশ গ্রামের বাসিন্দা।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়—কয়েকজন কারচালক তাকে ঘিরে চড়, থাপ্পড় ও ঘুষি মারছেন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট প্রেরণ করেন।
পারিবারিক সুত্রে জানা যায়, ভিকটিম বাক ও শ্রবণ প্রতিবন্ধী। তিনি বিয়ানীবাজার প্রতিবন্ধী উন্নয়ন কল্যাণ সংস্থার একজন সদস্য, বৈরাগীবাজারে কার্যালয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে তার সাথে এমন অমানবিক নির্যাতন চালানো হয়। আমরা খবর পেয়ে এসেছি। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন–দোষীদের দ্রুত গ্রেপ্তার ও আইনগত শাস্তি নিশ্চিত করতে হবে। প্রতিবন্ধী ও সাধারণ চালকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। নিরাপদ ও মানবিক পরিবহণ ব্যবস্থা গড়তে স্থানীয় প্রশাসন ও সমাজকে একসঙ্গে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, এ ধরনের ঘটনা শুধু একজন মানুষের ওপর হামলা নয় এটি মানবিক মূল্যবোধ সামাজিক নিরাপত্তা ও আইনের প্রতি অবমাননার সরাসরি উদাহরণ। এই ঘটনায় জড়িত দোষীদের আইনের আওতায় নিয়ে সুষ্ঠু বিচার দাবী জানানো হয়।
আজকের সিলেট/এপি
বিয়ানীবাজার প্রতিনিধি 








