জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে ‘আপনার এসপি’ নামে একটি বিশেষ সেবা চালু করেছে মৌলভীবাজার জেলা পুলিশ।
‘কথা বলি সরাসরি, নিজের সমস্যার সমাধান করি’ এই স্লোগান নিয়ে চালু হওয়া এই সেবার মাধ্যমে জেলার সাধারণ নাগরিকরা নিজ নিজ থানায় বসেই ভিডিও কলে সরাসরি পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলতে পারবেন।
সোমবার দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই বিশেষ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন।
জেলা পুলিশের সূত্রে জানা গেছে, জেলার সাতটি থানায় স্থাপন করা হয়েছে বিশেষ ‘আপনার এসপি ডেস্ক’। প্রতিটি ডেস্কে এসপি মনোনীত একজন নারী অপারেটর নাগরিকদের সহায়তা করবেন।
এই উদ্যোগের ফলে অভিযোগ জানাতে কিংবা পুলিশি সেবা নিতে আর জেলা সদরে আসার প্রয়োজন হবে না। নিজ থানাতেই নাগরিকরা এসপির সঙ্গে সরাসরি কথা বলে সমস্যা বা অভিযোগ জানাতে পারবেন। পাশাপাশি, দূরবর্তী থানার পুলিশ সদস্যরাও ভিডিও কলে এসপির সঙ্গে যোগাযোগ করে তাঁদের সমস্যার কথা জানাতে পারবেন।
এ সময় পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আপনার এসপি’ একটি ডিজিটাল সেবা ডেস্ক। এর মাধ্যমে সাধারণ মানুষের ‘সময় ও অর্থ’ দুই-ই সাশ্রয় হবে। মানুষের দুর্ভোগ কমিয়ে দ্রুত সেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদেরও জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হবে।’
নাগরিকদের উদ্দেশে তিনি বলেন, ‘পুলিশি সেবা গ্রহণে কোনো প্রকার আর্থিক লেনদেন বা দালালের সঙ্গে যোগাযোগ করবেন না। প্রয়োজনে সরাসরি থানার অফিসার ইনচার্জ অথবা ডিউটি অফিসারের কক্ষ থেকে ভিডিও কলে আমার (এসপি) সঙ্গে কথা বলুন।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নোবেল চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো. আজমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের, সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু এবং জেলার সাত থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
আজকের সিলেট/এপি/প্রতিনিধি
সংবাদদাতা 








