ভারতে নারী বিশ্বকাপ ক্রিকেট খেলতে গিয়ে অস্ট্রেলিয়া দলের দুই নারী ক্রিকেটার শ্লীলতাহানির শিকার হয়েছেন। অভিযোগ উঠেছে, ইন্দোরে এক মোটরসাইকেল আরোহী তাদের ‘অযাচিতভাবে স্পর্শ’ করেন।
বুধবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ইংল্যান্ডকে হারায় অস্ট্রেলিয়া নারী দল। পরদিন সকালে হোটেল থেকে ক্যাফেতে যাওয়ার পথে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বিবৃতিতে জানিয়েছে, দলের দুই সদস্য ক্যাফেতে হেঁটে যাওয়ার সময় একজন মোটরসাইকেল আরোহী তাদের অনুপযুক্তভাবে স্পর্শ করেন। বিষয়টি সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মকর্তাদের জানানো হয়, তারা স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ঘটনার পরপরই দুই ক্রিকেটার দলের নিরাপত্তাকর্মীদের কাছে ‘এসওএস’ বার্তা পাঠান। কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশের সহায়তায় অভিযোগ দাখিল করেন। ইন্দোরের এমআইজি থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত আকিল খানকে গ্রেফতার করেছে।
দৈনিক ভাস্কর জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি শুধু অনুসরণই করেননি, বরং হাত দিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি ও একজন ক্রিকেটারকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। অন্যদিকে টাইমস অব ইন্ডিয়া জানায়, রিং রোড এলাকার সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করা হয়।
ইন্দোর ক্রাইম ব্রাঞ্চের অতিরিক্ত ডিসিপি রাজেশ দান্দোতিয়া জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ব্যবস্থা নিয়েছি। মামলাটি রুজু করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
নারী বিশ্বকাপে এ পর্যন্ত ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া নারী দল। আজ একই ভেন্যুতে তারা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে।
আজকের সিলেট/ডি/এসটি
ক্রীড়া ডেস্ক 








